ব্র্যাক ব্যাংক ও বিকাশের অংশীদার হলো ওয়ার্ল্ড রেমিট

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৩০

এই অংশীদারিত্বের মাধ্যমে ৫০টিরও বেশি দেশ হতে ওয়ার্ল্ড রেমিট এর গ্রাহকরা মোবাইলের মাধ্যমে সরাসরি বাংলাদেশে ১৫ লাখ ব্র্যাক ব্যাংক একাউন্ট ও ১৮৬টি ব্রাঞ্চে এবং বিকাশের তিন কোটি মোবাইল একাউন্টে টাকা পাঠাতে পারবেন

 

বিশ্বের অন্যতম প্রধান ডিজিটাল মানি ট্রান্সফার কোম্পানি ওয়ার্ল্ড রেমিট বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছে। ব্র্যাক ব্যাংক ও বিকাশের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে এ সেবা দিবে ওয়ার্ল্ড রেমিট।  ওয়ার্ল্ড রেমিট এর অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ৫০টির বেশি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন বাংলাদেশে দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন। ওয়ার্ল্ড রেমিটের সাহায্যে প্রেরিত এ অর্থ গ্রাহকরা তাদের বিকাশ একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে পাঠাতে, মোবাইলে রিচার্জ করতে, বিল পরিশোধ ও কেনাকাটা করতে পারবেন। গ্রাহকরা বিকাশ এজেন্টের নিকট থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন অথবা তাদের বিকাশ একাউন্টে জমা রাখতে পারবেন।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, বিকাশ একাউন্টের মাধ্যমে দেশের অভ্যন্তরে যেকোনো সময় যেকোনো স্থানে রেমিটেন্স সেবা পাওয়ার জন্য এই অংশীদারিত্ব দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হবে অসাধারণ এক অভিজ্ঞতা।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেইন বলেন, ওয়ার্ল্ড রেমিটের সঙ্গে যুগান্তকারী এই নতুন ডিজিটাল পার্টনারশিপের মাধ্যমে আমাদের গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে ও সরাসরি তাদের ব্র্যাক ব্যাংক একাউন্ট, ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ কাউন্টারে নগদ উত্তোলন, ব্যাংকের এজেন্ট পয়েন্ট ও বিকাশ মোবাইল ওয়ালেটের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করতে পারবেন। — প্রেস বিজ্ঞপ্তি