বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মো. মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: অতিরিক্ত জনসংখ্যা থাকলে শিক্ষার কী সমস্যা হয়?
উত্তর: একটি দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু বাংলাদেশের অগণিত মানুষের অক্ষরজ্ঞান নেই। শিক্ষার ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও শিক্ষার মান বাড়ছে না। এর প্রধান কারণ হচ্ছে, সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা। এ কারণে শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী শ্রেণিকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। আবার অনেক দরিদ্র মা-বাবা তাঁদের সব সন্তানকে বিদ্যালয়ে না পাঠিয়ে আয়-রোজগারের কাজে লাগান। এর ফলে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।
প্রশ্ন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।
উত্তর: জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় হলো—
১. শিক্ষা: মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা। শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনসম্পদকে দক্ষ করে তোলা যায়। তাই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে জনসম্পদকে আরও সমৃদ্ধ করার প্রতি সরকারের দৃষ্টি দিতে হবে। কর্মমুখী শিক্ষাব্যবস্থার জন্য কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন।
২. দক্ষতা বৃদ্ধি: শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি।
৩. জীবনযাত্রার মান বৃদ্ধি: সুস্বাস্থ্যের মূল উপাদান হচ্ছে উপযুক্ত বাসস্থান, পরিবেশ ও মানসম্মত জীবনযাপন, সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ ইত্যাদি। উপযুক্ত খাদ্য ও পুষ্টি, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা যায়।
৪. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন: বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।
৫. ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি: বাংলাদেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। কর্মসংস্থানের মধ্যেই উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটে। কৌশল আয়ত্ত করা শেখে। এভাবে জনশক্তি জনসম্পদে পরিণত হয়ে ওঠে।
