বাংলা
রোমানা আফরোজ
সহকারি শিক্ষক
স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, সিলেট
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’ অধ্যায় থেকে আজ আলোচনা করা হলো:
প্রশ্ন:জাতীয় দিবসগুলোর পাশে তারিখ বাচক শব্দ লেখো।
ক. শহীদ দিবস খ. স্বাধীনতা দিবস
গ. বাংলা নববর্ষ ঘ. শহীদ বুদ্ধিজীবী দিবস
ঙ. বিজয় দিবস
উত্তর: ক. শহীদ দিবস - ২১ ফেব্রুয়ারি
খ. স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
গ. বাংলা নববর্ষ- ১ বৈশাখ/১৪ এপ্রিল
ঘ. শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
ঙ. বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
হ প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।
প্রশ্ন: নূর মোহাম্মদ শেখের জীবন কীভাবে বদলে গেল?
উত্তর: বাবা-মায়ের একমাত্র সন্তান দুরন্ত নূর মোহাম্মদ শেখ। নাটক, থিয়েটার আর গানের প্রতি ছিল তাঁর প্রবল অনুরাগ। ইচ্ছে ছিল ভবিষ্যতে হবেন একজন সংস্কৃতিকর্মী, নাট্যকর্মী কিংবা সংগীতশিল্পী। কিন্তু ওই কিশোর বয়সেই তাঁর বাবা-মা মারা গেলেন। বাবা-মা মারা যাওয়ার পর তাঁর জীবনও বদলে গেল। যোগ দিলেন ইপিআরে অর্থাত্ ইস্ট পাকিস্তান রাইফেলসে। একাত্তর সালের মুক্তিযুদ্ধ আবার বদলে দিল সবকিছু। তিনি যোগ দিলেন মুক্তিযুদ্ধে।
প্রশ্ন: নূর মোহাম্মদ শেখ কীভাবে শহীদ হলেন?
উত্তর: ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর। যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। তাঁদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। প্রতিপক্ষের গুলিতে আহত হন নূর মোহাম্মদের সহযোদ্ধা অসীম সাহসী নান্নু মিয়া। অসীম সাহসী মুক্তিযোদ্ধা আহত নান্নু মিয়াকে এক হাতে কাঁধে তুলে নিয়ে অন্য হাতে কৌশলে গুলি চালাতে থাকেন। একসময় হঠাত্ মর্টারের একটা গোলা এসে লাগে তাঁর পায়ে। চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় তাঁর পা। মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে নির্দেশ দিলেন আহত নান্নু মিয়াকে নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে। আর নূর মোহাম্মদ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন। নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবে শহীদ হয়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধাদের জীবন।
প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
ক.সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে বলিলেন নাননু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরিয়া যাইতে।
খ. নূর মোহাম্মদ শেখ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাইতে চালাইতে শহীদ হইলেন।
গ. এঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জন করিয়াছি আমরা।
ঘ.পাকিস্তানি সেনারা ৭টি স্পিডবোট আর ২টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করিতে আগাইয়া আসে।
ঙ. সহযোদ্ধাদের বলিলেন নিরাপদে সরিয়া যাইতে।
উত্তর:ক. সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে বললেন নান্নু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে।
খ. নূর মোহাম্মদ শেখ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন।
গ. এঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জন করেছি আমরা।
ঘ. পাকিস্তানি সৈন্যরা সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে।
ঙ. সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে।
