অসলোয় রোমের হতাশা ভুললেন বোল্ট

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৩৬
উসেইন বোল্ট আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের কাছে ১০০ মিটারে হেরে যাওয়ার হতাশা ভুললেন নরওয়ের অসলোতে নজরকাড়া দৌড়ে। গত বৃহস্পতিবার জ্যামাইকান এই গতিমানব অসলোতে ডায়মন্ড লিগ মিটে ২০০ মিটার জিতলেন ১৯.৭৯ সেকেন্ডে। অলিম্পিক রেকর্ডধারী বোল্ট যে সময় নেন তা বিসলেট গেমস মিটের নতুন রেকর্ড হিসেবে দেখা দেয়। অবশ্য এই রাতে তার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন দুর্বল। তার মধ্যে বোল্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের চুরান্ডি মারটিনা ফলস স্টার্ট করায় দৌড়ানোর অযোগ্য ঘোষিত হন। গ্যাটলিনের কাছে হারটি ছিল ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সের পর এ ধরনের পঞ্চম নজির। তাই কথা উঠতে শুরু করে জ্যামাইকান সুপারস্টারটি কি পতনের ধারায়? কিন্তু নরওয়েতে ঘুরে দাঁড়িয়ে তিনি সবার ভুল ভাঙ্গালেন। চলতি মৌসুমে তিনিই একমাত্র ২০ সেকেন্ডের কমে দৌড়িয়েছেন। বোল্ট এ জয়ের পর বলেন,‘আমি যতটা বাজে অবস্থায় আছি বলে ভেবেছিলাম বাস্তবে ততটা নয়। সব মিলিয়ে এটা ছিল ভাল একটা দৌড়। আমি কোন অভিযোগ করতে পারি না। এটা ২০’র নিচে।’ যদিও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটি তারই দখলে এবং সেটা হলো ১৯.১৯ সেকেন্ড। নিজের সম্পর্কে তিনি বলেন,‘সবকিছুর শেষে এটা অবশ্য শুধু সময়ের ব্যাপার নয়। এটা হলো জয় বলে কথা। কারণ আমি যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সে ফ ২০ সেকেন্ডে দৌড়িয়েও জয়ী হই এবং জিতি, আমি খুশি হবো।’ মস্কোতে আগামী ১০ আগস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এখন তিনি জ্যামাইকায় ফিরে গিয়ে সেজন্য প্রস্তুতি নিবেন। এ প্রসঙ্গে বোল্ট বলেন,‘এখন আমি জ্যামাইকায় ফিরে যাব বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে। আমার লক্ষ্য একই থাকছে। সেটা হলো বিশ্বের সেরা হওয়া এবং মস্কোতে তিনটি সোনার পদক জেতা।’