মোহামেডান পেশাদার ফুটবল লিগে ছিল বিদেশি খেলোয়াড় নির্ভর। স্থানীয় ফুটবলারদের শক্তির উপর ভর করে সুপার কাপে কেমন খেলে সাদাকালো জার্সিধারীরা, তা নিয়ে শংকা ছিল সমর্থকদের মনে। তাই বিজেএমসির বিরুদ্ধে সুপার কাপ ফুটবলে ‘বি’ গ্রুপের এ খেলায় মোহামেডান জয় পেলেও আশংকা নিয়ে মাঠ ছেড়েছেন সমর্থকরা।
গতকাল শনিবার দিনের প্রথম খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-১ গোলের ড্রয়ে বাধ্য করে দুর্বল ব্রাদার্স ইউনিয়ন। পেনাল্টি থেকে পাওয়া গোলে মোহামেডান জয় পেলেও তা বড়াই করে বলার মতো নয়। যদিও ম্যাচ জেতা বলে কথা । তবে ২৪ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া মোবারকের গোলটি ভাগ্যক্রমে জয় এনে দিয়েছে মোহামেডানকে। নইলে বিজেএমসির বিরুদ্ধে মোহামেডান তেমন কোনো সুযোগ পায়নি কালকের এ খেলায়।
দুই স্ট্রাইকার মোবারক এবং ওয়াহেদ ছিলেন স্ট্রাইকিং পজিশনে। কিন্তু তারা অমিত খান শুভ্রর রক্ষণভাগকে বিপদে ফেলতে পারেননি। খেলাটি মাঠে গড়ানোর পর বরং নিয়ন্ত্রণ চলে গিয়েছিল প্রায় বিজেএমসির হাতেই। মোহামেডানের গোলকিপার মামুন খান বাধা হয়ে দাঁড়ানোয় বিজেএমসির চেষ্টা বিফলে যায়। খেলার শেষ দিকে তো মোহামেডান হেরেই যাচ্ছিল প্রায়।
অফিস দল বিজেএমসির আক্রমণ ঠেকাতে গিয়ে মোহামেডানের ডিফেন্ডার রজনী আর গোলকিপার মামুন খানের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড তকলিসকে ঠেকাতে নাভিশ্বাস উঠেছিল মোহামেডানের। ভাগ্য ভালো মামুন খানের হাত ফসকে বল ছুটে যায়নি। তাই জয়ের স্বাদ নিয়ে ঘরে ফিরতে পেরেছে মোহামেডান।
আগামীকাল শেখ জামালের মোকাবেলা করবে মোহামেডান, বিজেএমসির প্রতিপক্ষ ব্রাদার্স।
অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পিছিয়ে পড়েও গতকাল শনিবার শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার কাপে ‘বি’ গ্রুপের খেলায় এই ড্রয়ের ফলে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল শেখ জামালের জন্য।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। শুরু থেকেই তারা আধিপত্য বজায় রেখে খেলতে থাকে। কিন্তু স্রোতের বিপরীতে গোল পায় ব্রাদার্স। ৩৮ মিনিটে জুয়েল রানার গড়ানো শটে এগিয়ে যায় দলটি। শেখ জামালের হয়ে ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল ফিরিয়ে দিয়েছেন নাসির উদ্দিন চৌধুরি নাসির। জাতীয় দলের হয়ে ডিফেন্ডারের দায়িত্ব পালন করলেও গতকাল বিদেশি খেলোয়াড় না থাকায় আক্রমণভাগ সামলাতে হয় নাসিরকে। যদিও তার জন্য স্ট্রাইকিং পজিশন নতুন কিছু নয়। গোটা মৌসুমে শেখ জামালের স্টপার ব্যাক হিসাবে খেলা নাসির আগে সেনাবাহিনীতে স্ট্রাইকার হিসাবেই খেলতেন। সুপার কাপে বড় কিছু না পাওয়ার আশায় ব্রাদার্স খেলতে এসেছিল কিছু তরুণ ফুটবলারের সংমিশ্রণে গড়া দল নিয়ে। কর্মকর্তাদের লক্ষ্য হচ্ছে, আগামী লিগের জন্য কিছু তরুণ খেলোয়াড় তৈরি করা। প্রথম ম্যাচে খুব একটা খারাপ না খেললেও তাদেরকে ঘষে-মেজে ভবিষ্যতের জন্য তৈরি করার সুযোগ থাকছে। বড় দলের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে ম্যাচ শেষে আনন্দিত ব্রাদার্সের কোচ মহিদুর রহমান মিরাজ। মাত্রই ক্যারিয়ার শুরু করা এই কোচ সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে ভালভাবেই উের গেলেন। তারপরও মিরাজের আক্ষেপ গোল করে এগিয়ে থেকেও ম্যাচটা জেতা হলো না। সাবেক তারকা ফুটবলার ও শেখ জামালের কোচ ওয়াসিম ইকবাল হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি ম্যাচে।’
আজকের খেলা ঃ আবাহনী ঃ সকার ক্লাব, শেখ রাসেল ঃ মুক্তিযোদ্ধা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ও ৭টা)।
