মেডিকেল ভর্তিচ্ছু প্রিয় বন্ধুরা, তোমাদের প্রতি শুভেচ্ছা। ডাক্তার হবার আজন্ম বাসনা নিয়ে তোমরা যারা ২০১৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য অনুশীলন পাতায় থাকছে নিয়মিত আয়োজন যা তোমাদের প্রস্তুতিকে করবে সহজতর আর দেবে সঠিক দিক নির্দেশনা।
সরকারী মেডিকেল কলেজ ও ডেন্টালের ৩,৩৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দেবে ষাট হাজারেরও অধিক শিক্ষার্থী। এ কঠিন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তোমার ও তোমার পিতা-মাতার বুনা স্বপ্ন বাস্তবায়নে তোমাকে হতে হবে অধিকতর কর্মঠ আর কৌশলী, তাহলেই তোমার প্রস্তুতি হবে যথার্থ। মাত্র ৬০ মিনিটের একটি পরীক্ষাই নির্ধারণ করে দেবে মেডিকেল কলেজের আঙ্গিনায় এপ্রন পরিহিত অবস্থায় তোমার পদার্পণ হচ্ছে কি হচ্ছে না। তাই, এখন থেকেই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তোমাকে। নিজেকে প্রস্তুত করতে হবে অন্যদের চেয়ে সেরা হিসাবে। টেক্সট বুকের প্রতিটি অধ্যায়ের তথ্যগুলো ভালোভাবে আয়ত্ব করে নিতে হবে। অধিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন রং এর কলম দিয়ে দাগিয়ে নিয়ে বার বার দেখে নিতে হবে। তারই সাথে সাথে তোমাকে যাচাই করে নিতে হবে তোমার প্রস্তুতি।
মেডিকেল ভর্তি যুদ্ধে তোমার প্রস্তুতি যাচাইয়ের জন্য ‘অনুশীলনে’ থাকবে তিন ধাপের প্রস্তুতি পর্ব। প্রথম পর্বে প্রতিটি বিষয়ের বিভিন্ন অধ্যায়ভিত্তিক প্রশ্ন, দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক প্রশ্ন এবং সর্বশেষ পর্বে মেডিকেল ভর্তির পূর্ণাঙ্গ মডেল টেস্ট। সাথে থাকছে কঠিন বিষয়গুলো সহজভাবে মনে রাখার বিভিন্ন টিপস আর প্রশ্নের সমাধান। এবার তোমার স্বপ্ন বাস্তবায়নে অনুশীলনে মেতে উঠো আর নিজেকে যাচাই করে নাও। এবারে তোমাদের জানিয়ে দেই মেডিকেল ভর্তি পরিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য।
অংশগ্রহণের যোগ্যতা ঃ এসএসসি এবং এইচ এসসি তে বিজ্ঞান বিভাগে মোট জি পি এ ৮.০ পেতে হবে। তবে এস.এস.সি এবং এইচ. এস. সিতে জি.পি.এ পৃথকভাবে নূন্যতম ৩.৫০ হতে হবে।
পরীক্ষা পদ্ধতি ঃ সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষায় জিপিএ এর ভিত্তিতে ১০০ নম্বর এবং ...... পরীক্ষায় ১০০ নম্বর। বিষয়ভিত্তিক প্রশ্ন মান হল ঃ জীববিজ্ঞান- ৩০, রসায়ন- ২৫, পদার্থবিজ্ঞান- ২০, ইংরেজি- ১৫ এবং সাধারণ জ্ঞান- ১০। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর।
পরীক্ষার সময় ঃ ৬০ মিনিট, অর্থাত্ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় পাওয়া যাবে ০.৬ মিনিট মাত্র।
আজ তোমাদের জন্য ১০টি নমুনা প্রশ্ন দেওয়া হল। আগামী সংখ্যায় থাকছে প্রাণীবিজ্ঞান বিষয়ের কোষ, গ্যামিটোজেনিসিস, কলা ও কলাতন্ত্র অধ্যায় থেকে নমুনা প্রশ্ন। আজই এই অধ্যায়গুলো আয়ত্ত্ব করে নিয়ে কাল যাচাই করে নাও তোমার প্রস্তুতি।
১। নিচের কোনটি মিথ্যা?
ক) সেরেবেলাম- অনৈচ্ছিক পেশী নিয়ন্ত্রণ।
খ) হাইপোথ্যালামাস- দেহতাপ নিয়ন্ত্রণ।
গ) বৃক্ক- অম্ল-ক্ষার সাম্যাবস্থা
ঘ) যকৃত- পরিপাক।
২। প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতার পরিমাণ নিচের কোনটি?
ক) 1 বেল খ) 10 বেল গ) 1 ডেসি বেল ঘ) 10 ডেসি বেল।
৩। Cl2O7 যৌগের Cl এর জারণ সংখ্যা নিম্নের কোনটি?
ক) +9 খ) +2 গ) +7 ঘ) -7
৪। নিচের কোনটি ভুল ?
ক) অলিন্দের সিস্টোল: 0.1 সেকেন্ড
খ) নিলয়ের সিস্টোল: 0.7 সেকেন্ড
গ) নিলয়ের ডায়াস্টোল: 0.5 সেকেন্ড
ঘ) অলিন্দের ডায়াস্টোল: 0.3 সেকেন্ড
৫। কোনটি সত্য নয় ?
ক) সবাত শ্বসন- 38 ATP
খ) গ্লাইকোলাইসিস- 8 ATP
গ) অ্যাসিটিল কো-এ- 18 ATP
ঘ) ক্রেবস চক্র- 10 ATP
৬। নিচের কোনটি বায়োগ্যাসের উপাদান নয়
ক) নাইট্রোজেন খ) হাইড্রোজেন
গ) CO2 ঘ) মিথেন।
৭। যে সকল যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়-
ক) থার্মোমিটার খ) থার্মোকাপল গ) থার্মিস্টর ঘ) পাইরোমিটার।
৮। SO3 এর ধর্ম নয় কোনটি ?
ক) তরল ও উদ্বায়ী খ) শক্তিশালী জারক
গ) ঝাঁঝালো গন্ধযুক্ত
ঘ) পানিতে H2SO4 উত্পন্ন করে
৯। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে?
ক) ২৭ এপ্রিল খ) ৫ জুন
গ) ৭ এপ্রিল ঘ) ৭ জুন
১০। বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতির জীবানুনাশক রূপে ব্যবহূত হয়-
ক) 70% মিথানল+ 30% পানি
খ) 70% পানি + 30% মিথানল
গ) 70% ইথানল + 30% পানি
ঘ) 70% পানি + 30% ইথানল
উত্তর ঃ ১.ক২.ক৩.গ৪.খ,ঘ৫.ঘ৬.ক৭.ঘ৮.ক ৯.গ১০. গ
