মোরেলগঞ্জে দুধের সঙ্গে বিষপানে শিশু কন্যা হত্যার অভিযোগ

আপডেট : ১১ মে ২০১৯, ১৬:২৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামে সৎ মায়ের দেওয়া দুধের সঙ্গে বিষপানে সাড়ে তিন বছরের শিশু কন্যা হত্যার অভিযোগ পাওয়া গেছে। উম্মে হালিমা ওরফে খাদিজাকে এ ঘটনার পরপরই সৎ মা সীমা বেগম পালাতক রয়েছে।

শনিবার সকালে মোরেলগঞ্জ থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শিশু হালিমা সোনাখালী গ্রামের আব্দুল হাদি মল্লিকের মেয়ে।

শিশু হালিমার দাদা জানান, সাড়ে তিন বছর আগে জন্মের সময় মারা যায় হালিমার মা রেশমা বেগম। তারপর থেকে হালিমাকে তিনি কোলে পিঠে করে মানুষ করে। এরমধ্যে তার ছেলে হাদি আবার বিয়ে করেন সীমা বেগমকে (২৮)। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সীমা হালিমাকে মারধর করতো।

শুক্রবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু খাদিজা। সেখান থেকে ঘরে ডেকে নিয়ে সীমা বেগম দুধের সঙ্গে বিষ খাইয়ে হত্যা করে হালিমাকে। লোক জানাজানির ভয়ে সৎমা শিশুটিকে ঘরের পাশের পুকুরে ফেলে দেয়। পরে তারা খোঁজ করে পুকুর থেকে হালিমার নিথর দেহ পায়।

এ অবস্থায় শিশু হালিমাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে হত্যাকারী সীমা ঘরে থাকা টাকা পয়সাসহ তার কোলের বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ গৌরীপুরে অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি ও গবাদি পশু ভস্মীভূত

থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তে প্রকৃত রহস্য উৎঘাটিত হলে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/নূহু