‘রাজনৈতিক মায়ের’ নির্দেশে নিজেকে কোরবানি দিয়েছি

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:১৭
দেশের চারটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে না গেলে মেয়র পদে আমিই জিতে জেতাম এটা নিশ্চিত। গতকাল রবিবার বিকালে সাংবাদিকদের তৈমুর আরো বলেন, আমার ‘রাজনৈতিক মা’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি নির্বাচন থেকে সরে এসেছি। আমি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজেকে কোরবানী দিয়েছিলাম। নিজের দুটি বাড়ি বিক্রি করতে হয়েছিল। তবুও আমি আমার মা’র আদেশ পালন করেছি। তৈমুর বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে আমার মত আর যেন কেউ বলি না হয়।’ চারটি সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তৈমুর বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা মহাজোট সমর্থিত কোন প্রার্থীকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। এ কারণেই বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সমর্থিত প্রার্থীদের জয় হয়েছে।’