দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাখনি শ্রমিকদের দুই দিনের ধর্মঘটে ভূ-গর্ভ থেকে উত্তোলন করা যায়নি আট হাজার টন কয়লা। যার মূল্য আট কোটি ৮১ লাখ চার হাজার টাকা। এই ক্ষতির দায় কে নেবে সে সম্পর্কে ধর্মঘটী শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেউই কথা বলছেন না।
জানা গেছে, চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১৩ জুন) থেকে কয়লাখনি শ্রমিকরা ধর্মঘট শুরু করে, শুক্রবার (১৪ জুন) পর্যন্ত তা অব্যাহত থাকে। তবে শনিবার (১৫ জুন) স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষাপটে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী বলেছেন, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দিকে সুনজর না দেয়ায় ধর্মঘট করছে শ্রমিকরা। শ্রমিকদের ধর্মঘটের কারণে কয়লা উত্পাদন বন্ধ হয়ে যায়। মহাব্যবস্থাপক (মাইনিং) মো. হাবিবুর রহমান বলেন, শ্রমিকদের ধর্মঘটের কারণে দুইদিনে আট হাজার টন কয়লা উত্তোলন করা যায়নি। চীনা কোম্পানির সঙ্গে বাত্সরিক চুক্তিতে কয়লা উত্তোলন করা হয়। এই মুহূর্তে শ্রমিকদের বিষয়ে কিছুই বলা যাবে না।
