নিজ কেন্দ্রে হেরেছেন মেয়র প্রার্থী লিটন ও কামরান

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:৫১
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে একই কেন্দ্রে ভোট দিয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এবং ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনের চূড়ান্ত ফলের মত নিজেদের এলাকার কেন্দ্রে বুলবুলের কাছে হেরেছেন লিটন। আর সিলেটে পৃথক কেন্দ্রে ভোট দিলেও বদর উদ্দিন আহমদ কামরান হেরেছেন তার প্রতিদ্বন্দ্বী আরিফুল হক চৌধুরীর কাছে। রাজশাহী নগরীর স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে বুলবুলের আনারস প্রতীক পেয়েছে ৫২৯ ভোট, লিটনের তালা পেয়েছে ৩৬১ ভোট। ঐ কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ভোট দেন লিটন, আর বুলবুল ভোট দেন চার নম্বর কক্ষে। এদিকে সিলেটে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান তার কেন্দ্র পাইল উচ্চ বিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল হক চৌধুরীর চেয়ে ১৩৬ ভোট কম পেয়েছেন। এ কেন্দ্রে আরিফুল ভোট পেয়েছেন ১৮২৩টি এবং কামরান পেয়েছেন ১৬৮৭টি।