সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তা পদে নিয়োগ স্থগিত

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:১২
সরকার দেশের সকল জেলায় সহকারী ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা পদে নিয়োগ স্থগিত ঘোষণা করেছে। এ সংক্রান্ত আদেশ দেশের ৫৮ জেলা প্রশাসককে জানিয়ে দেয়া হয়েছে। এই মুহূর্তে দেশের এসব জেলার কয়েক হাজার আলোচ্য পদে নিয়োগ কার্যক্রম চলছিল। সরকারি আদেশের ফলে তা বন্ধ হয়ে গেল। গত দুই জুন ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা এই আদেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তার পদটি সহকারী ভূমি কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা বলা হয়েছে। অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ ছাড়াও এক্ষেত্রে সহকারী ভূমি কর্মকর্তার পদে সাত বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। আদেশে উল্লেখ করা হয়েছে, আলোচ্য পদের জন্য সংশোধিত নিয়োগ নীতিমালা প্রণীত না হওয়া পর্যন্ত এ নিয়োগ বন্ধ থাকবে। আগে এ দুটি পদের শিক্ষাগত যোগ্যতা একাদশ শ্রেণীর হলেও এখন তা স্নাতক পর্যায়ে উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তাদের বেতনক্রম (গ্রেড) ১৬ থেকে ১১ এবং উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের বেতনক্রম ১৭ থেকে ১২তে উন্নীত করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান ইত্তেফাককে বলেন, নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত সাময়িক। একাধিক জেলা প্রশাসক জানিয়েছেন, মাঠ পর্যায়ে সরকারের রাজস্ব আদায় কার্যক্রমে এ দুটি পদের গুরুত্ব অনেক। সরকারের এ সিদ্ধান্তে রাজস্ব আদায়ের উপর চাপ বাড়তে পারে। তবে একটি যুগোপযোগী নিয়োগ নীতিমালা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেছেন। দ্রুততার সঙ্গে নীতিমালা সংশোধন করে তা কার্যকর করা জরুরি বলেও উল্লেখ করেছেন তারা।