ল্যাপটপের ওজন হবে সাড়ে তিন-চার কেজি, রং পাওয়া যাবে একটিই। ব্যাগটিও হবে সাদামাটা কালো স্ট্র্যাপের। শুধু কেজো এমন বড় একটি কালো রঙের ল্যাপটপ টেনে বেড়ানোর দিন শেষ। এটি যেন এখন ফ্যাশন অনুষঙ্গেরই একটি অংশ। কত রং চাই—লাল, বেগুনি, সবুজ, হলুদ, কমলা, কালো, সাদা, ছাই, মেরুন তো আছেই। পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে নিলেই হলো। আর ওজনও কম, সহজেই ব্যাগে বহন করা যায়। চাইলে একেক দিন ব্যবহার করতে পারেন একেক রকম ল্যাপটপ। না, সপ্তাহে সাত দিনের জন্য সাতটি যন্ত্র থাকা লাগবে না। পছন্দমতো বদলাতে পারেন এর কভার বা খোলস। কয়েক রকম কভার কিনে রেখে দিন। পছন্দমতো ব্যবহার করুন। আবার মোবাইল ফোন বা হালের স্মার্টফোনের কভারেও আছে নানা বৈচিত্র্য। এমনিতেই এখনকার নির্মাতারা যন্ত্রের নকশার ব্যাপারে খুব সচেতন। কার্যকারিতা তো থাকতে হবেই, যন্ত্রটি যাতে দেখতে সুন্দর হয়, সেদিকেও নজর রাখছেন তারা। আবার নানা রকম কেস বা কভারের বৈচিত্র্যে মোবাইল ফোন, ল্যাপটপের ফ্যাশনটাও জমে উঠেছে বেশ। নানা রকম পাথর, প্রিন্ট দিয়ে তৈরি হচ্ছে এসব কভার। কারও পছন্দ অ্যানিমেল প্রিন্ট তো কেউ চাইছেন রঙের বাহার। চাইলে প্রিয় তারকার ছবি বা কোনো স্লোগান দিয়েও কভারের নকশা করা সম্ভব। মোবাইল ফোনের ক্ষেত্রে স্মার্টফোনের জনপ্রিয়তা এখন খুব। এ ছাড়া অন্যান্য ফোনের বেলায় টাচস্ক্রিনের চাহিদা বেশি। আইফোন, স্যামসাং, এইচটিসি ব্র্যান্ডগুলোই পছন্দ করছেন ফ্যাশনেবল ক্রেতারা। ধীরে ধীরে বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের ব্যবহারও। বিশেষ করে আইপ্যাড বা গ্যালাক্সি ট্যাব তো অনেকের হাতেই দেখাও যায়। এগুলো এমনিতেই স্টাইলিশ। চাইলে বাড়তি অনুষঙ্গ লাগিয়ে চলতি ফ্যাশনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়।
