চাই নান্দনিক টেবিল

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:২৯
ঘর মনের মতো করে সাজাতে কার না মন চায়? অন্দর সাজে তাই আসবাবের রয়েছে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। আপনার বাড়ির আয়তন-দেয়ালের রং, আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী গড়ে তুলবেন আপনার অন্দরমহল। অন্দরমহলের এই সাজে বেশকিছু ছোটখাটো জিনিসও কিন্তু হয়ে উঠতে পারে আপনার নান্দনিক বোধের পরিচয়। আমাদের প্রাত্যহিক জীবনে একান্ত অপরিহার্য আসবাব হলো টেবিল। পড়ার কাজে, খাওয়ার কাজে অথবা ছোট্ট বারান্দার এক কোণে সৌন্দর্য বাড়াতে নান্দনিক টেবিলের তুলনা নেই। আর দৃষ্টিনন্দন টেবিলের জন্য যেমন দরকার টেবিলের সাইজের দিকে খেয়াল রাখা, তেমনি দরকার টেবিল সাজানোর উপকরণগুলোর উপর নজর দেওয়া। অল্প জায়গায় বড়সড় টেবিল কিন্তু বেমানান, তেমনি খুব বড় পরিসরে ছোট্ট টেবিলও মানায় না। টেবিল যে সব সময়ই কাঠের হবে, এমন কোনো কথা নেই। নানা রকম উপকরণ ব্যবহার করে আপনি টেবিলে আনতে পারেন বৈচিত্র্য। যেমন আপনি চাইলে রং বেরংয়ের অসংখ্য বোতল পরপর সাজিয়ে তার উপর চৌকনা কোনো কাচের স্ল্যাব বসিয়ে বানাতে পারেন বসার ঘরের মাঝের টেবিল। এমনকি লোহার রডের কম্পোজিনে কয়েকটা পায়া দাঁড় করিয়েও উপরে বসিয়ে দিতে পারেন মার্বেল বা কাচের কোনো স্ল্যাব। আর লোহার এই স্ট্রেচটা আপনি এমনভাবে তৈরি করে নিতে পারেন যেন সহজেই তা বড়-ছোট করা যায়। ভাবছেন, এত ঝামেলা করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনি চাইলে অভিজাত এলাকাগুলোর ফার্নিচারের দোকানগুলো খোঁজাখুজি করলেও পেয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর টেবিল। কিন্তু আপনার নিজের সৃজনশীলতার প্রকাশ ঘটাতে চাইলে কারিগরেরর সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে হবে পছন্দমতো টেবিল। মনে রাখবেন, যেকোনো বাড়ির অন্দর সাজে প্রকাশ হয় সেই বাড়ির বাসিন্দাদের লাইফস্টাইল। তাতে প্রফেশন এবং রুচির ছাপ থাকে। বাড়িতে রাজসিক ভাব আনতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে কাঠের টেবিল। আর সব কাঠের টেবিলই যে ভারি নকশার হবে তা কিন্তু নয়। চাইলে প্লেন কাঠে গাঢ় লিকার পলিশ টেবিল বানাতে পারেন। আর এ ধরনের টেবিল সাজাতে ব্যবহার করুন বেত বা পাথরের তৈরি কোনো শোপিস। আর এক ধরনের টেবিল ইদানীং খুব বেশি চোখে পড়ে। কাঠের কারুকাজের উপর গ্লাস বসিয়ে টেবিলে আনতে পারেন বৈচিত্র্য। তা ছাড়া আপনার বাসাতে হয়তো থাকতে পারে পুরোনো কোনো কাঠের টেবিল। আর তা আপনি চাইলে একটু রং করে দিতে পারেন নতুন কোনো লুক। এই টেবিলে আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে বৈ কমবে না। বাজার ঘুরলে আপনার চোখে পড়বে আরো নানা ধাঁচের টেবিল। আপনার জায়গা যদি সীমিত হয় তাহলে ব্যবহার করতে পারেন বেতের টেবিল। নান্দনিক সব ডিজাইনের বাহারি বেতের টেবিল পাবেন শৌখিন আসবাবের দোকানগুলোতে। এ ছাড়া যদি মার্বেল পাথরের টপ ব্যবহার করে টেবিল বানাতে চান সেজন্য নিচে আপনাকে কাঠের পায়া ব্যবহার করতে হবে। আর অল্প খরচে টেবিলের জন্য ঢু মারতে পারেন প্লাস্টিক কোম্পানিগুলোর শোরুমে। ফোল্ডিংসহ নানা ধাঁচের টেবিল পাবেন এখানে। তবে এ ধরনের টেবিলগুলো ছাদ, বাগান বা বারান্দায় ভালো মানায়। চাইলে আপনি শেডসহ টেবিল কিনতে পারেন। এটা ছাদে রাখতে পারবেন। আর এতকিছুর পরও চাই নিজের পছন্দমতো একটা মানানসই স্থানে টেবিলটা বসানো। সেই সাথে নান্দনিক কয়েকটা চেয়ার। তাহলেই একদম পাল্টে যাবে আপনার অন্দরমহলের দৃশ্য।