তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেছেন, ‘উন্নয়ন প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করার জন্য এর সামাজিকায়ন জরুরি। সে ক্ষেত্রে এ সম্পর্কে অবহিতকরণ ও জনপরিসরে উন্নয়নে এর ব্যবহার নিশ্চিত করার জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে। পাঠকের মনোজগতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ইতিবাচক ও উন্নয়ন ঘনিষ্ঠ ধারণার বিকাশ ঘটিয়ে জনগণের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বিষয়ের সাথে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।’ গতকাল সিঙ্গাপুরে দুই দিনব্যাপী আইসিটি মিনিস্ট্রিয়াল ফোরামের বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। প্রযুক্তিকে সহজে ও সুলভে মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী। বিভিন্ন দেশের আইসিটি মন্ত্রীর এই সম্মেলনে তিনি তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান।
