ডিসেম্বরে খুলনায় আইসিসিআইটি ২০১৩ সম্মেলন

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৩২
আগামী ২১-২৩ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইসিসিআইটি)। সম্প্রতি বেসিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘আইসিসিআইটি ২০১৩’ শিরোনামের কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক এই সম্মেলনটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে আইসিসিআইটি ২০১৩ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সম্মেলনের আয়োজক কমিটির প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ। তিনি জানান, দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক এম লুত্ফুর রহমান, ডিআইইউ’র সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, আইসিসিআইটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের গবেষণার কাজে উত্সাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। সম্মেলনের বিস্তারিত জানা যাবে www.iccit.org.bd/2013 ঠিকানায়।