কামরাঙ্গিরচর লোহার ব্রিজ থেকে মিটফোর্ড পর্যন্ত যাতায়াতে দুর্ভোগ

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:৫৭
ঢাকা শহরের কামরাঙ্গিরচর লোহার ব্রিজ থেকে মিটফোর্ড পর্যন্ত ঘনবসতি, যানবাহনের সমাগম। ফলে ঐ জায়গাটুকুতে সব সময় যানজট ও জনজট লেগে থাকতে দেখা যায়। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় বৃষ্টির দিনে। হেঁটে চলার কোনো উপায় নেই। কাদামাটি আর পানি, মাঝেমধ্যে বড় বড় গর্ত, গাড়িতে চলাও দুষ্কর। গাড়ির চাকায় ময়লা পানি ছিটকে এসে পথচারীর পরণের কাপড় চোপড় নষ্ট করে দেয়। বেড়িবাঁধ ঢাকা শহরের কত যে উপকারে আসে তা ভাষায় প্রকাশ করা কঠিন। বেড়িবাঁধের অবস্থা বৃষ্টির দিনে অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। অচিরেই কামরাঙ্গিরচর থেকে মিটফোর্ড পর্যন্ত বেড়িবাঁধটুকু সংস্কার, প্রশস্ত করে দু’পাশে ফুটপাত নির্মাণ এবং বর্ষা মৌসুমে কোথাও যাতে বৃষ্টির পানি আটকে না থাকে সেজন্য আশু পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। মো. সালাহউদ্দিন মোল্লা, আটিগ্রাম, কেরানীগঞ্জ, ঢাকা ১৩১২