তানভীর আহাম্মেদ
রেসিপি :বরবটি
শনিবার, ছুটির দিন। শিশির ভাই আজ টোটাল ফ্রি। তাঁর বউ হঠাত্ ফোন পেয়ে বান্ধবীর বাসায় ছুটলেন। যাওয়ার আগে বলে গেলেন, চুলায় গ্যাস নেই, তাই গ্যাস এলে তাঁকে একটু কষ্ট করে রান্না করে খেতে হবে।
বউ বের হওয়ার পরপরই তিনি রান্নায় লেগে গেলেন। কিন্তু কী রান্না করবেন? অনেক ভেবে স্থির করলেন, বরবটি দিয়ে মাছ রান্না করবেন। ফ্রিজ থেকে মাছ বের করলেন, আর বরবটি বের করতে গিয়ে দেখেন বউ আগে থেকেই তা কেটে ফ্রিজে রেখে দিয়েছে। কাজ বেঁচে যাওয়ায় মনে মনে রিলাক্স ফিল করলেন। ইউটিউবের ভিডিও অনুসারে সব রান্না শেষে যখন তিনি নিজের জন্য নিজেই খাবার টেবিলে পরিবেশন করলেন, ঠিক তখন বউ হাজির।
—কী, চলে এলে যে?
—আরে এক ঘণ্টা জ্যামে ছিলাম। যে গরম। তাই আর যাইনি, ফিরে এসেছি। কাল যাব।
—ভালো করেছ। রান্না রেডি, খেতে আসো।
—যাক, ভালোই রান্না করেছ দেখছি। যা ক্ষুধা পেয়েছে! পরে ফ্রেশ হবো, আগে খেয়ে নিই।
ক্লান্ত বউয়ের জন্য প্রেম দেখিয়ে শিশির ভাই নিজেই প্লেটে খাবার তুলে দিলেন।
কিন্তু অদ্ভুত কাণ্ডটা ঘটল একটু পরে। বউ মুখে খাবার তুলেই ‘পানি পানি’ বলে চিত্কার শুরু করে দিলেন!
শিশির ভাই পানি ঢেলে দিলেন। পানি খাওয়ার পর বউ জানতে চাইলেন, ‘কী রান্না করেছ তুমি?’
—বরবটি।
—এইগুলা বরবটি?
—কেন! তুমি যে কেটে রেখে দিয়েছ, মনে নাই? ওইগুলাই তো নিছি।
—এই তুমি কি নীল পলিথিন থেকে নিয়েছ?
—হ্যাঁ।
—বরবটি চেন না, মরিচও চেনো না! ওইগুলা কাঁচামরিচ। আমি প্রতিটা মাঝখান থেকে ভাগ করে রেখে দিয়েছি, বেটে পেস্ট করব বলে।
