জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুল কালাম ধওলা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে আততায়ীরা। এ ঘটনায় সেলিমউদ্দিন নামের অপর একজন গুরুতর আহত হয়। পুলিশ জানায়, রবিবার রাতে কিশোরীগঞ্জ সদরের ইসমাইল গ্রামের আবুল কালাম ও সেলিমউদ্দিন কিশোরীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে ভেড়ভেড়ি দোলার শ্মশান নামক স্থানে ৫/৬ জন অজ্ঞাত আততায়ী তাদের আটক করে ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কোপায়। ফলে ঘটনাস্থলেই আবুল কালাম ধওলার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় সেলিমকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
