সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৬
উলিপুরে নাটাবের মতবিনিময় সভা উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির উদ্যোগে যক্ষ্মা রোগী শনাক্তকরণে শিক্ষকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে নাটাব-এর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা চেয়ারম্যান এম কফিলউদ্দিন ও উপজেলা প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার রায়। টাঙ্গাইলে ইটভাটা মালিক সমিতির নির্বাচন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের এ এ বি ও এফ বি এম ইটভাটার মালিক এবং টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ও শ্রমিক নেতা ফিরোজ হায়দার খান সভাপতি এবং ঘাটাইল উপজেলার মেসার্স সাথী ইটভাটার মালিক মোঃ ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে টাঙ্গাইলের ১২ উপজেলার ২৫০টি ইটভাটার মালিক উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফুলবাড়ীতে ওপেন হাইজ-ডে অনুষ্ঠিত ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওপেন হাইজ-ডে ও কমিউনিটি পুলিশিং বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফুলবাড়ী থানার আয়োজনে আরডিআরএস-এর সহযোগিতায় এ অনুষ্ঠান থানা হলরুমে ওসি নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুননেছা। জীবননগরে বিএসএফের রাবার বুলেটে যুবক নিহত জীবননগর সংবাদদাতা \ গত রবিবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত গরু ব্যবসায়ী ইমরান হোসেন (২০) উপজেলার হরিহরনগর গ্রামের মহিউদ্দিন ওরফে মইরের ছেলে। নিহতের লাশ তার অপর গরু ব্যবসায়ী সঙ্গীরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। দিনাজপুরে মেডিক্যাল কলেজে সেমিনার স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গত রবিবার দিনাজপুর মেডিক্যাল কলেজের মিলনায়তনে শিশু সার্জারীদের ডিজিটাল পদ্ধতিতে সুচিকিত্সা প্রদানবিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. হামিদুল হক খন্দকার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, শিশু সার্জারী বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আব্দুর আজিজ, দিমেকের উপাধ্যক্ষ ডাঃ কান্তরায় রিমি। রানীনগরে হুইল চেয়ার হস্তান্তর রানীনগর ( নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানীনগরে শারীরিক প্রতিবন্ধী ও অসহায় অমলকে একটি হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১১টায় রানীনগর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে ভালুকা ডট কম অনলাইন পত্রিকার সম্পাদক সৌদি প্রবাসী হাজী সানীর সার্বিক অর্থায়নে এই হুইল চেয়ার হস্তান্তর করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, অন্যান্যের মধ্যে যুগ্ম-সম্পাদক সাইদুজ্জামান সাগর, এম.এ রউফ (রিপন), মামুনুর রশিদ, মীর হোসেন তপন ও মমতাজ সাথী প্রমুখ বক্তব্য রাখেন। নাসিরনগরে আশার চিকিত্সা সহায়তা প্রদান নাসিরনগর সংবাদদাতা \ আশার সদস্যদের চিকিত্সা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগরে আশা-চৈয়ারকুড়ি ব্রাঞ্চের হতদরিদ্র মহিলা সদস্যদের মধ্যে চিকিত্সা সহায়তা প্রদান করা হয়। রবিবার স্থানীয় কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলী আহসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ সাজিদুল ইসলাম চৌধুরী। রায়পুরায় আওয়ামী লীগের সম্মেলন রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার উপজেলার বোয়ালমারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ১৫০ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে মজিবুর রহমান মজনুকে সভাপতি এবং এসএম তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ আলী ভুঁইয়া। নেত্রকোনায় দু’মাসে ৮ খুন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় গত দু’মাসে ৮টি খুনের ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে ৫টি এবং মে মাসে ৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া গত মে মাসে জেলায় ২৭টি নারী নির্যাতনের ঘটনাসহ ১৩৯টি অন্যান্য অপরাধের ঘটনা ঘটেছে। নেত্রকোনা জেলা পুলিশ অফিসে গতকাল সোমবার মিট দ্য প্রেসে পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ এই সময়ে বিভিন্ন মামলা ১২১৪ জন আসামিকে গ্রেফতার করেছে। নাসিরনগরে ইউএনও’র মতবিনিময় নাসিরনগর সংবাদদাতা \ গতকাল সোমবার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড নাসিরনগর উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগী সমিতির সভাপতি ও ম্যানেজারদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী মোঃ রহমত আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস মনজুমা আক্তার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সমিতির সভাপতি উপান্দ কর, রফিকুল ইসলাম, জিতেশ প্রমুখ। হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা ঘোষণা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সোমবার হোমনা ডিগ্রি কলেজ রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, প্রভাষক রেজাউল করিম, মো.মুহসিন, হুমায়ূন কবির, সমাজসেবক হানিফ মিয়া, ছাত্রনেতা সাইজুদ্দিন, ফারুকুল ইসলাম, ওমর ফারুক, সজল প্রমুখ। বক্তারা হোমনা, মেঘনা, তিতাস, দাউদকান্দি, মুরাদনগর ও বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে অবিলম্বে জেলা ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার লাকসাম পৌরসভার মেয়র আলহাজ্ব মফিজুর রহমান ২০১৩-১৪ অর্থ বছরের প্রায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো. আলাউদ্দিন, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন, ইসমাইল হোসেন, মোশাররফ হোসেন, খলিলুর রহমান, মুশফেকা রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন প্রমুখ। রেডিও সাগরদ্বীপের সম্প্রচার শুরু হবে আগস্টে নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীর উপকূলীয় এলাকার বাসিন্দাদের দুর্যোগের ঝুঁকি সম্পর্কে গণসচেতনতা, শিক্ষা, সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে আগামী আগষ্টে কমিউনিটি রেডিও সাগরদ্বীপের সম্প্রচার কার্যক্রম শুরু করা হবে। জাপানের সাহায্যকারী সংস্থা জাইকার আর্থিক সহায়তায় চার বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থা। এ রেডিও স্টেশনের আওতায় ৩৫ কিলোমিটার এলাকায় সম্প্রচার করা হবে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের সভা কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।