কিশোরগঞ্জ-৪ উপ-নির্বাচন

প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন, আজ প্রতীক বরাদ্দ

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৫৬
ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় হলেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের পুত্র ও আওয়ামী লীগ সমর্থিত রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম। গতকাল সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। কেউ প্রত্যাহার করেননি বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। ফলে এখন এই দুইজন প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। সৈয়দ মহিতুল ইসলাম অসীম অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হলেও তিনি দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু গত ৯ জুন মনোনয়নপত্র বাছাইয়ের সময় ত্রুটিপূর্ণ কাগজপত্রের অজুহাতে জেলা রিটার্নিং অফিসার তারটিসহ জমিয়তে উলামায়ে ইসলামের খালেদ সাইদুল্লাহর মনোনয়নপত্র বাতিল করে দেন। পরে সৈয়দ মহিতুল ইসলাম ঢাকা নির্বাচন কমিশনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে গত ১৩ জুন শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়। জেলা রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন জানান, আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রতীক বরাদ্দ দেয়া হবে। রাজনীতিতে রেজওয়ান আহাম্মদ তৌফিক নবীন হলেও পিতার মতোই হাওরাঞ্চলের ভোটারদের মধ্যে তার একটি ‘ক্লিন ইমেজ’ রয়েছে। তাছাড়াও গত দুই-তিন মাস যাবত্ সাংগঠনিক কাজে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করায় ভোটারদের সঙ্গে তার নৈকট্য গড়ে উঠেছে। একটি সূত্র জানায়, প্রার্থী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে মতবিরোধ রয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সৈয়দ মহিতুল ইসলাম অসীমকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে সূত্রটি জানায়। তবে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না। এদিকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপি সমর্থিত কর্মী ও ভোটাররা নীরবে সৈয়দ মহিতুল ইসলাম অসীমের পক্ষে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৩ জুলাই এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।