নরসিংদীতে ওষুধ কোম্পানির গাড়ির হেলপারকে হত্যা

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৫৯
হেলপারকে হত্যা ও ড্রাইভারকে নেশা জাতীয় ওষুধ দিয়ে অজ্ঞান করে অপসোনিন কোম্পানির কভার্ডভ্যান ছিনতাই করে ১০ লক্ষ টাকার ওষুধ লুট করেছে অজ্ঞাত ছিনতাইকারী চক্র। শিবপুর-জয়নগর রোডে ধনাইয়া বোন্দে গত রবিবার ভোরে এ ঘটনা ঘটে। শিবপুর থানা পুলিশ গত রবিবার সন্ধ্যায় নিহত হেলপার বজলু হাওলাদারের (৪৬) লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া অজ্ঞান হওয়া ড্রাইভার মামুন হাওলাদারকে (২৫) দেয়া হয়েছে প্রাথমিক চিকিত্সা। কভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপসোনিন কোম্পানির একটি কভার্ডভ্যান বিভিন্ন ওষুধসহ গত রবিবার ভোরে ভৈরব থেকে টঙ্গী যাচ্ছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকা থেকে গাড়িটি ছিনতাই করে একদল সশস্ত্র ছিনতাইকারী। তারা গাড়িটি শিবপুর জয়নগর রোডের ধনাইয়া বোন্দে নিয়ে হেলপার বজলু হাওলাদারকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহত হেলপারের লাশ তারা বোন্দের একটি জলাশয়ে ফেলে দেয়। পরে তারা ড্রাইভার মামুন হাওলাদারকে নেশা জাতীয় ওষুধ দিয়ে অজ্ঞান করে কভার্ডভ্যান খুলে ১০ লক্ষ টাকার ওষুধ লুট করে পালিয়ে যায়। তারা অজ্ঞান অবস্থায় ড্রাইভার মামুনকে নিকটস্থ এক নির্জন স্থানে ফেলে যায়। এলাকাবাসী আলেকচাঁন একটি লাশ পানিতে ভাসতে দেখে খবর দিলে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় পুলিশ নিহত হেলপারের লাশ উদ্ধার করে। এরপর ড্রাইভার মামুন হাওলাদারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত হেলপার বজলু হাওলাদার ও ড্রাইভার মামুন হাওলাদারের বাড়ি বরিশাল জেলার ইয়ারকুট থানার কলাভেসা গ্রামে বলে জানা গেছে। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট গতকাল সোমবার সন্ধ্যায় লেখা পর্যন্ত অজ্ঞাত ছিনতাইকারী চক্রের কাউকে গ্রেফতারসহ লুট হওয়া ওষুধ উদ্ধার করতে পারেনি পুলিশ।