খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, জাতীয় পর্যায়ে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে নগরবাসী নীরবে ব্যালট বিপ্লব করেছেন। নির্বাচনে অপশক্তির পরাজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। এবার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন বেগবান করার পালা। ব্যালটের মাধ্যমে নগরবাসী সরকারের সকল অপতত্পরতাকে প্রত্যাখ্যান করেছে।
গতকাল সোমবার নগরীর অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে মনি আরো বলেন, বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থীকে জেতানোর জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী সংগঠনের লোকজন ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষ দারুণভাবে কাজ করেছেন। কাজ করেছেন মহীয়ষী নারীরাও। মানুষ ভোটের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ জুন তারিখটি ছিল শুধু আনুষ্ঠানিকতা। আর এদিন ভোট বিপ্লব ঘটিয়ে সরকারকে তার জনবিরোধী কর্মকাণ্ডের সমুচিত জবাব দিয়েছেন। ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য তিনি নগরবাসীর প্রতি এবং আশপাশ জেলা থেকে ১৮ দলের নেতা-কর্মী ও সমর্থকরা এসে খুলনার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
প্রেস ব্রিফিংয়ে নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, একজন ভারপ্রাপ্ত জিআইজি তার দায়িত্ব না থাকা সত্ত্বেও নির্বাচনের দিন ২৭ নম্বর ওয়ার্ডে এসে বিএনপির সমর্থকদের ওপর অত্যাচার চালায় এবং তার এক আত্মীয়কে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করে। রবিবার গভীর রাতে ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিস দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদের ছোটভাইকে কতিপয় দুর্বৃত্ত হ্যান্ডকাপ পরিয়ে একটি মাইক্রোবাসযোগে নিয়ে মারপিট করে জোড়াগেট এলাকায় রেললাইনের পাশে ফেলে রেখে যায়। নগরীর খালিশপুরে স্কাউট বাহিনী বিরোধীদলের সমর্থকদের ওপর হামলা করছে। পুলিশ প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এম নূরুল ইসলাম এবং ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রধান কেসিসি’র প্রথম প্রশাসক শেখ সিরাজুল ইসলাম। আইনজীবী সমিতির সভাপতি সরদার ইউনুস, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, লোকমান হাকিম, সৈয়দা নার্গিস আলী, আইনজীবী এসআর ফারুক, লতিফুর রহমান লাবু, সিরাজ উদ্দিন সেন্টু, সাহারুজ্জামান মোর্ত্তজা, আক্তার জাহান রুকু, শাহ আলম লস্কর, খান গোলাম রসুল, রেহানা আক্তারসহ ১৮ দল সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
