বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে সম্প্রতি চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। বিসিএস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব এবং যুবক কমিশনের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন। অনুষ্ঠানে কচুয়ার বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিসিএস এবং বিজয় ডিজিটালের পক্ষ থেকে কম্পিউটার শিক্ষা সম্পর্কিত সফটওয়্যার ও ভিডিও টিউটোরিয়াল উপহার হিসেবে প্রদান করা হয়।
