কম্পিউটারের অন্যতম প্রধান একটি সমস্যার নাম ভাইরাস। নানা ধরনের ভাইরাসের আক্রমণে পিসি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে খুব সাধারণ একটি রূপ হচ্ছে ভাইরাসের আক্রমণে পিসির ফাইলগুলো ‘হিডেন’ হয়ে যাওয়া। অনেক ভাইরাসই রয়েছে, যেগুলো পিসির বিভিন্ন ফোল্ডারকে ‘হাইড’ করে দিয়ে সেই নামের একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করে। ভুল করে সেই ফাইলটিকেই ফোল্ডার মনে হতে পারে। অনেক ক্ষেত্রে আবার পিসিতে থাকা বেশিরভাগ ফাইলকেই ‘হিডেন’ করে দেয় এই ভাইরাস। এ ক্ষেত্রে ‘হিডেন’ ফাইল প্রদর্শন করার ব্যবস্থা করা গেলেও সাধারণভাবে এসব ফাইলের প্রোপার্টিজে গিয়ে ‘হিডেন’ ফর্মটি বদলে দেওয়া যায় না। আবার ‘হিডেন’ হওয়ার পাশাপাশি এসব ফাইল পরিণত হয় ‘সিস্টেম’ ফাইলে। ‘সিস্টেম’ রূপটিও তোলা যায় না ফাইল থেকে। এসব সমস্যা থেকে মুক্তির জন্যই রয়েছে ‘অ্যাট্রিবিউট চেঞ্জার’ নামের ছোট্ট একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ইন্সটল করে নিলেই ফাইল ও ফোল্ডারের বিভিন্ন অ্যাট্রিবিউট বদলে দিতে পারবেন সহজেই।
সিনেট, সফটনিক, ফাইল হিপ্পো, সফটপিডিয়ার মতো সব সাইটেই পাবেন বিনামূল্যের এই সফটওয়্যারটি। এটি ইন্সটল করে নিলেই আপনার মাউসের ডান বাটনের মেন্যুতে যুক্ত হয়ে যাবে ‘Change Attribute’ নামের বিশেষ অপশন। কোনো ফোল্ডার বা ফাইলে মাউস রেখে ডান বাটন চাপার পর এই অপশনটিতে ক্লিক করলেই আসবে একটি ডায়ালগ বক্স। এখান থেকে ওই ফাইল বা ফোল্ডারের প্রোপার্টিজগুলো আনচেক করে দিতে হবে। তারপর ‘OK’ বাটনে ক্লিক করলেই ওই ফোল্ডার বা ফাইল মূল অবস্থায় চলে আসবে। http://www.petges.lu/home/download/ লিংকে গিয়েও নামিয়ে নিতে পারবেন এটি।
