অ্যাপল’র বিশ্বমাতানো স্মার্টফোন আইফোনের জন্য অনেক প্রতিষ্ঠানই তৈরি করেছে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ। এসব অ্যাকসেসরিজের মধ্যে বড় একটি স্থান দখল করে রেখেছে ডকিং স্টেশন। আইফোনের জন্য তৈরি এ রকম একটি ডক তৈরি করেছে ইলেভেশন ল্যাব। তাদের ডকের নাম দিয়েছে ইলেভেশন ডক। সলিড অ্যালুমিনিয়ামে তৈরি এই ডকগুলো আইফোনের জন্য তৈরি বেশিরভাগ কেসিংয়ের জন্যই নিখুঁতভাবে কাজ করবে। বিশেষ করে এর ফিনিশিং নিয়ে উচ্ছ্বসিত প্রযুক্তি পণ্যের সমালোচকরা। ইলেভেশন ল্যাবের দাবি, ২০টি ধাপে তাদের ডকের ফিনিশিং সম্পন্ন হওয়ায় এটি অ্যাপল পণ্যের ফিনিশিংয়ের সমমান অর্জন করতে সক্ষম। এতে রয়েছে মেটাল লাইটনিং অ্যাডাপ্টার, যাতে সব ধরনের কর্ডকেই সংযুক্ত করা যায় ডকে থাকা আইফোনের সাথে। ডকটি সাড়ে ৯ ডিগ্রি কোণে ফোনকে ধরে রাখে, যা ভিডিও কলিংয়ের জন্য আদর্শ অবস্থান। প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় সাইট ওয়্যারড-এর মন্তব্য, এটি এমন একটি ডক যা অ্যাপল’র তৈরি করা উচিত ছিল।
