প্রথম প্রজন্মের একটি ভিডিও গেম হিসেবে মিউল (M.U.L.E) যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। ১৯৮৩ সালে ওজরাক সফটস্কেপ-এর ব্যানারে মুক্তি পাওয়া এই গেমটির ডিজাইনার হিসেবে বিখ্যাত হয়ে রয়েছেন ড্যানিয়েল বানটেন বেরি, যিনি ড্যান বানটেন নামেই পরিচিত গেমিংয়ের জগতে। ১৯৪৯ সালের ১৯ ফেব্রুয়ারি বানটেন জন্মগ্রহণ করেন মিসৌরির সেন্ট লুইসে। ১৯৭৪ সালে তিনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি লাভ করেন। তবে পড়ালেখা শেষে তিনি টেক্সট-নির্ভর ভিডিও গেমকে নিজের শখের কাজ হিসেবে গ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি অ্যাপল২-এর জন্য ‘হুইলার ডিলার’ নামের একটি গেম তৈরি করেন। তবে এই গেমটি তেমন একটা জনপ্রিয়তা লাভ করতে ব্যর্থ হয়। এ সময় তিনি নিজেই ওজরাক সফটস্কেপ নামে নিজের গেম তৈরির প্রতিষ্ঠান গড়ে তোলেন। বেশ কয়েকটি গেম তৈরি করে বানটেন নজরে পড়ে যান ইএ (ইলেকট্রনিক আর্টস) গেমসের প্রতিষ্ঠাতা ট্রিপ হকিন্সের। বানটনের মিউল গেমটির পরিবেশক হিসেবে কাজ করে ইএ গেমস। এটি প্রাথমিকভাবে আটারি ৮-বিট ফ্যামিলির জন্য তৈরি হলেও পরবর্তী সময়ে কমোডোর ৬৪-এর জন্যও এর সংস্করণ তৈরি করেন বানটেন। পরে আরও কয়েকটি জনপ্রিয় গেম তৈরি করেন তিনি। ১৯৯৮ সালের ৩ জুলাই মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই গেম নির্মাতা।
