সাভারে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গ্রেফতার

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৫
নিজ হেফাজতে মাদকদ্রব্য রেখে সেবন করার অপরাধে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। আড়াই লিটার দেশি মদসহ ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার রাতে তাদের গ্রেফতার করে। উপ-পরিদর্শক (এসআই) মো: জিল্লুর রহমান জানান, পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় শহীদের বাড়িতে মোশারফ ও তার সহযোগী মো: মহিউদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মাম পানির দু’টি বোতলে থাকা আড়াই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে মোশারফের ভাতিজা মাহবুবুর রহমান অভিযোগ করেন, গোয়েন্দা পুলিশের দল তার চাচাকে আটক করার পর ছেড়ে দেয়ার কথা বলে দুই লাখ টাকা দাবি করেছিল। কিন্তু ওই টাকা না দেয়ায় তাদের বিরুদ্ধে পুলিশ চোলাই মদ সেবনের মামলা দিয়েছে। এ অভিযোগ অস্বীকার করে এসআই জিল্লুর বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।