সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৫
ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সাফল্য ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ বি এ পাস পরীক্ষা ২০১২ বছরের ফলাফল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একযোগে প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে এবছরে ১১৭জনের মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে ২০জন পরীক্ষার্থী প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগে ৭৩জনসহ ৯৬জন পাস ও অপ্রকাশিত ১জন। পাসের হার ৯২%। ঐ কলেজের অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুম জানান, ২৩ বছরের মধ্যে এ বছর এ কলেজ সাফল্য অর্জন করেছে । বামনা মহিলা কলেজে পাসের হার ৯২ % বামনা (বরগুনা) সংবাদদাতা \ ২০১১ সালের ডিগ্রি (পাস) কোর্সের ফলাফলে বরগুনা বামনা উপজেলা সদরের বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের পাসের হার ৯২%। ৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে ৬৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১৯জন প্রথম বিভাগ, ৪৬জন দ্বিতীয় বিভাগ ও ৪জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। স্বরূপকাঠিতে বখাটের কারাদণ্ড স্বরূপকাঠি (পিরোজপুর ) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে এক গৃহবধূকে যৌন হয়রানির অপরাধে রাসেল (২২)নামে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন সোমবার ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঐ দণ্ডাদেশ দেন। উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের মো. ফাইজুল হকের স্ত্রী দুই সন্তানের জননী মাজেদাকে (২৮) একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. রাসেল (২২) প্রায়ই যৌন হয়রানি করে আসছিল। নরসিংদীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন নরসিংদী প্রতিনিধি\ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত নরসিংদী পলিটেকনিক সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দীর্ঘ প্রায় এক কিলোমিটার বিস্তৃত মানববন্ধনে জেলার সকল উপজেলায় কর্মরত সদস্য প্রকৌশলী ও শহরের পলিটেকনিকের ছাত্র-ছাত্রীগণ অংশ নেয়। রূপগঞ্জে শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অফিস সহকারীদের মাঝে ২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রশিক্ষণ রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাজেট গতকাল সোমবার পৌরসভা কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, প্যানেল মেয়র নূর নবী সুবজ, কাউন্সিলর আবুল খায়ের, কাউন্সিলর মহিউদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এ.কে.এম আনোয়ার তোহা, পৌর আ.লীগের সভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি রেয়াজুল হক লিটন প্রমুখ। কাঁঠালিয়ায় কৃষক মাঠ দিবস কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় পৃথক দু’টি মাঠ দিবস ও কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার জয়খালী গ্রামে ইসিআরআরপি ক্লাবে ইউএসএআইডির অর্থায়নে ইরি এসআরএসডিপিএস প্রকল্পের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইজওয়ার উদ্যোগে বোরো মৌসুমের ব্রী-ধান ৪৭ জাতের শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইদুর রহমান। ধামরাইয়ের সুয়াপুরে রাস্তা উদ্বোধন ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছেন স্থানীয় এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। গত সোমবার ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি, মেঘনা ব্যাংকের পরিচালক এম এ মালেক, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিনসহ নেতাকর্মীদের নিয়ে উপজেলার সুয়াপুর ইনিয়নের শিয়ালকুল রাস্তা পাকাকরণের কাজ, সুয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং কুটিরচর কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করেন। এদিকে ধামরাইয়ের বেসরকারি সংস্থা ‘সজাগে’ কর্মকর্তা গোলাম মর্তুজ আলী জানান, ‘রাস্তাটি কুটিরচর চাষিদের বিষমুক্ত সবজি বাজার জাতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মিঠাপুকুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে গ্রাম আদালত কার্যকরীকরণে অংশগ্রহণমূলক যুব কর্মশালা গত সোমবার উপজেলার রাণীপুকুর ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ যুব কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সুপারভাইজার রাজিউর রহমান রাজু, ফিল্ড ওয়ার্কার পজিরুল ইসলাম ও আদালত সহকারী মাহবুবুল ইসলাম। ঘাটাইলে পাটচাষিদের প্রশিক্ষণ ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ মঙ্গলবার ঘাটাইল উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে একশজন আদর্শ পাটচাষির সমন্বয়ে কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মংগল চন্দ্র চন্দ। পদের আলোচনা সভা স্থানীয় ইউএনও মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হালিম, কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, পাট উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান খান প্রমুখ। সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ নতুন কোন কর আরোপ ছাড়াই সোমবার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৯ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কক্ষে এক অনুষ্ঠানে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোষণা করেন। সান্তাহার পৌরসভার সাড়ে নয় কোটি টাকার বাজেট ঘোষণা করেন। আলফাডাঙ্গায় পিতার বন্দুকে ছেলের আত্মহত্যা আলফাডাঙ্গা সংবাদদাতা \ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দী গ্রামের সাবেক চেয়ারম্যানের ছেলে তৌফিকুল ইসলাম তুহিন (২৮) বাবার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে সোমবার দোতলায় নিজকক্ষে আত্মহত্যা করেছে। তুহিনের মা সাংবাদিকদের জানান, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মিঠাপুকুরে আদিবাসীর লাশ উদ্ধার মিঠাপুকুর (রংপুর) সংবাদাদাতা \ মিঠাপুকুরে এক আদিবাসী ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার নওয়াপুকুর এলাকার একটি পাথার থেকে নিহত খিতিস উড়াও (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নের নওয়াপুকুর গ্রামের আদিবাসী মৃত ভারত উড়াও এর ছেলে খিতিস উড়াও একই ইউনিয়নের খামার তৈয়বপুর তাজুর পাড়া গ্রামের কেনেডি ও টয়লেট নামের ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে মাসোয়ারা হিসাবে কাজ করে আসছিল। সুন্দরগঞ্জে স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলা স্কাউটসের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতায় উপজেলা স্কাউটস’র কাউন্সিল উপলক্ষে ইউএনও আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আলহাজ্ব আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম। শিবগঞ্জে বাইকের উদ্যোগে কর্মশালা ]শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ সোমবার বাইকের উদ্যোগে শিবগঞ্জের চত্বরপুর বাইক অফিসে বাইকের পরিচালক ঈষা মোহাম্মদপলাশের সভাপতিত্বে সুপার মার্কেটের আম বিক্রেতাদের শিয়ারিং কর্মশালা ২০১৩ অনুষ্ঠিত হয়। কর্মশালায় আম চাষ, আম ব্যবসায়ী, কৃষক, সাংবাদিক, আমের আড়তদার ও আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলীকদমে কারিতাসের মতবিনিময় সভা আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাসের খাদ্য নিরাপত্তা প্রকল্পের (এফএসপি) উদ্যোগে সোমবার পানবাজার টাউন হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও উপকারভোগীরা অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সজল কৃষ্ণ দেব। সভাপতিত্ব করেন কারিতাসের কর্মসূচী কর্মকর্তা মিসেস রূপনা দাশ। গাজীপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটি গাজীপুর প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ। সোমবার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদর উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান মাষ্টার ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সোহেল আহমেদ এ কমিটি অনুমোদন করেন। নড়িয়ায় মত্স্য উন্নয়ন বিষয়ে মতবিনিময় নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলা মত্স্য অধিদপ্তর উদ্যোগে উপজেলা সভাকক্ষে সোমবার বৃহত্তর ফরিদপুর জেলায় মত্স্য উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা মোঃ মহসিন। চবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ চবি প্রতিনিধি \ দীর্ঘ অপেক্ষার পর চবিতে ছাত্রদলের নতুন কমিটি হতে চলেছে। কমিটিতে যারা পদ প্রত্যাশী তারা বেশিরভাগই পাস করে বের হয়ে যাওয়া ছাত্র। সভাপতি পদপ্রার্থীরা হলেন নেছারুল ইসলাম নাজমুল, যিনি অনার্স পাসের পর পর্যাপ্ত গ্রেডে না থাকায় এমএসসি ভর্তি হতে পারেননি। সাইফুদ্দিন সালাম মিঠু গত কমিটির সাধারণ সম্পাদক, নুরুল হুদা সোহেল নেছারুল ইসলাস নাছমুল (১৯৯৯-২০০০)। জানা যায়, এরা সবাই পাস করে বের হয়ে যাওয়া ছাত্র। কোটালীপাড়ায় গণনাটক প্রত্যাশা মঞ্চস্থ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সমাজের অবক্ষয়, মাদকদ্রব্য, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাকের গণনাটক প্রত্যাশা মঞ্চস্থ হয়েছে । সোমবার রাতে উপজেলার ছিকটী বাড়ি উমাচরন সার্বজনীন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ব্র্যাকের কমিউনিটি সেফটি সিকোরিটি প্রকল্পের আয়োজনে সেফারওয়ার্ল্ড বাংলাদেশের সহযোগিতায় কোটালীপাড়া গণনাটক দলের পরিবেশনায় গণনাটক প্রত্যাশা মঞ্চস্থ হয়। পাঁচবিবিতে বিষ্ণুমূর্তি উদ্ধার পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাট পাঁচবিবি থানা পুলিশ সোমবার রাতে জোড়াখালপাড়া গ্রাম থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার করে। পুলিশ জানায়, রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদে ১০ কেজি ওজনে কালো পাথরের মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মূর্তির দুই পার্শ্বে সংযুক্ত দুটি ছোট মূর্তিতে বাঁশির ছবি আছে। মূর্তিটি কষ্টি পাথরের কিনা সঠিক জানা যায়নি।