টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলীয়া মাদরাসা কেন্দ্রে চলতি আলীম পরীক্ষায় উচ্চতর গণিত বিষয়ে ডিজিটাল উপায়ে অসদুপায় অবলম্বন এবং এই কাজে সহযোগিতার অভিযোগে দুইজন কক্ষ পরিদর্শক, একজন হাউজ টিউটরসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস গোপনে খবর পেয়ে শনিবার ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।
ভ্রাম্যমাণ আদালত কক্ষ পর্যবেক্ষক আব্দুল মান্নান ও সাইফুদ্দীনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড, হাউজটিউটর সোহেল রানা এবং সহযোগী গোপালপুর আলীয়া মাদরাসার ফাজিল শ্রেণির আবু বকরকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। পরীক্ষার্থী মোখলেছুর রহমান, বদরুল আলম, আব্দুল জলিল ও শামীম হোসেনকে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে তাদের পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, ওই চার পরীক্ষার্থী পরীক্ষা হল থেকে স্মার্টফোনের মাধ্যমে সোহেল রানার কাছে প্রশ্নপত্রের কপি পাঠায়। পরে ওই হাউজটিউটর প্রশ্নের সমাধান করে উত্তর পাঠিয়ে দেন।
পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত দুই পরির্দশক অসাধু পন্থা অবলম্বনে পরীক্ষার্থীদের সহযোগিতা করছিলেন। সাজাপ্রাপ্তরা ভ্রাম্যমাণ আদালতের নিকট দোষ স্বীকার করেছেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি

