১৪ দলের প্রার্থীরা হয়তো জনগণ থেকে দূরে সরে গিয়েছিল তাই হেরেছে

আপডেট : ১৮ জুন ২০১৩, ২২:৪৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ চার সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীদের পরাজয় প্রসঙ্গে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়। প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতা বিচার করে মানুষ ভোট দিয়ে থাকে। ১৪ দল সমর্থিত প্রার্থীরা হয়তো জনগণ ও কর্মীদের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। আর এ কারণেই তাদের পরাজয় বরণ করতে হয়েছে। জনগণ পরিবর্তন চেয়েছে তাই পরিবর্তন হয়েছে। তবে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিরোধী দলের তত্ত্বাবধায়ক দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেই সমপ্রতি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে প্রধান বিরোধী দল অংশ গ্রহণ করবে বলে আশা করছি। পরে তিনি কুষ্টিয়া শিল্পকলা একাডেমির ৯৩ জন অস্বচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে ১০ লাখ ৮৬ হাজার টাকার চেক প্রদান করেন।