‘অসাংবিধানিক সরকার আনার চেষ্টা করলে নির্বাচনই হবে না’—রবিবার জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর এ উক্তি গণতন্ত্র বিগর্হিত ও গণতন্ত্র বিরোধী। এটি দেশের জন্য অশুভ ইঙ্গিত। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিই তার এ উক্তিতে অটল থাকেন তা হলে এটা দেশে গণতন্ত্র এবং বিরোধী দলীয় আন্দোলনের ন্যায্য অধিকারের প্রতি একটি চ্যালেঞ্জ বলে গণ্য হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উক্তির সারমর্ম হলো, তার সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন চললে কোনো নির্বাচনই দেয়া হবে না। আমি নিশ্চিত করে বলতে পারি, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে দেশ থেকে রাজনৈতিক অস্থিরতা, অশান্তি ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে। তাই আমি আশা করি, প্রধানমন্ত্রী নেহায়েত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য না দিয়ে রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দেবেন।
