এই তো সেদিন মোবাইল ফোনে মা ডেকে কন, হা-রে
নদী এখন এসে গেছে কদমগাছটার ধারে।
রাক্ষসীটা আসছে ধেয়ে মারবে এবার থাবা
আর মোটেও দেরি করা ঠিক হবে না বাবা।
ঘরখানাকে কী করা যায় দেখে যা না এসে,
নদীর কাছে থাকব না আর সকল যাবে ভেসে।
ভাবছি মনে, বুড়ো বাপের ঘরবাড়ি তো আছে,
তোদের নিয়ে আপাতত যাব তাদের কাছে।
বলে দিলাম, তোমার সঙ্গে আড়ি আমার আড়ি,
আমি থাকতে যাচ্ছ তুমি বুড়ো বাপের বাড়ি।
আমি তোমার বাবা তা কি যাচ্ছ তুমি ভুলে?
এবার মাগো আসল কথা বলছি তোমায় খুলে—
আমার বেতন বেড়ে যাবে এই আগামী মাসে,
তোমার ছেলে আর দূরে নয়, থাকবে তোমার পাশে।
কী চমত্কার, দু রুমের এক বাসা তুমি পাবে,
যাও না দেখি কেমন করে বাপের বাড়ি যাবে!
এই শহরের নামকরা ঐ টিভি চ্যানেলটাতে
খবর লিখে টাকা কিছু আসে আমার হাতে।
বেতনখানা বাড়ল বটে—ছ’জন হলাম ছাঁটাই,
বুকের জ্বালা নিয়ে আমি দিন-রাত্তির কাটাই।
দু রুমের এক বাসা করার স্বপ্ন ভেঙে গেল,
মাকে নিয়ে ভাবনাগুলো হলো এলোমেলো।
কোন সে দানব সব আয়োজন করেছে ভণ্ডুল
মাকে আমি ভালোবাসি, নেই কিছু তার তুল।
