ফেনী-১ আসনে জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিক্ষোভ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৪৪

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ আসনে মহাজোট প্রার্থী ও জাসদ নেত্রী শিরিন আখতারের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন তারা।

নেতাকর্মীরা শিরিন আখতারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা সকাল থেকে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে।

বিক্ষোভকালে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, সভাপতি এনামুল হক বাদল, পরশুরাম পৌর মেয়র ও ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন শিরিন আখতার। বিগত পাঁচ বছর তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো খোঁজ এবং এ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেননি। সে কারণে তৃণমূলের নেতাকর্মীরা চায় জাসদ নয়, এ আসনে আওয়ামী লীগের প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হোক। আর এজন্য আলা উদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমই প্রার্থিতার যোগ্য দাবিদার।