সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন আনল হুয়াওয়ে

আপডেট : ১৯ জুন ২০১৩, ১৮:৩২
সারা বিশ্বে যখন স্মার্টফোনের বাজার ক্রমেই বাড়ছে, তখন স্মার্টফোনে নানা ধরনের ফিচার যুক্ত করা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের গবেষণা অব্যাহত রেখেছে। সময়ের ধারার সাথে পাল্লা দিয়ে স্মার্টফোনের আকার নিয়ে যেন গবেষণার শেষ নেই। এরই ধারাবাহিকতায় এবারে চীনের জায়ান্ট হুয়াওয়ে তৈরি করেছে ‘অ্যাসেন্ড পি৬’ মডেলের নতুন স্মার্টফোন, যাকে তারা দাবী করছে বিশ্বের সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন হিসেবে। হুয়াওয়ে জানিয়েছে, নতুন এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.১৮ মিলিমিটার বা ০.২৪ ইঞ্চি। পুরুত্বের দিক দিয়েই এটি বিশ্বের সকল স্মার্টফোনকে পাল্লা দিলেও আধুনিক স্মার্টফোন হিসেবে এর আরও বেশকিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। এর মধ্যে অবশ্যই বলতে হবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। স্মার্টফোনে রেয়ার ফেসিং ক্যামেরায় ১২ মেগাপিক্সেল হরহামেশাই দেখা গেলেও ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ৫ মেগাপিক্সেল এখনও সংযুক্ত করতে পারেনি কোনো স্মার্টফোন নির্মাতা। হুয়াওয়ে জানিয়েছে, সবচেয়ে কম পুরুত্বের এই স্মার্টফোন তৈরি করতে তারা সবচেয়ে কম পুরুত্বের এবং সরু সার্কিটবোর্ড তৈরি করেছে। ডিসপ্লের আকৃতি হিসেবে এটি হুয়াওয়ের সাড়া জাগানো অ্যাসেন্ড পি১-এর সমান, অর্থাত্ ৪.৭ ইঞ্চি। তবে অ্যাসেন্ড পি-১-এর চাইতেও এটি ৩ মিলিমিটারের চেয়েও কম পুরুত্ববিশিষ্ট। আইফোন ৫-এর চাইতেও এটি সরু। ১২০ গ্রাম ওজন নিয়ে ওজনের দিক থেকেও সমমানের কনফিগারেশনের সবচেয়ে কম ওজনের সেটগুলোর মধ্যে এটি একটি। প্রসেসর হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। এর বিল্ট-ইন স্টোরেজ অবশ্য একটু কম, ৮ গিগাবাইট। তবে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। ২ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল রেয়ার ফেসিং ক্যামেরা আর অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম নিয়ে অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটি হুয়াওয়ে’র স্মার্টফোনের বাজারকে চাঙ্গা করে তুলবে বলেই আশা করছে হুয়াওয়ে। স্যামসাং আর অ্যাপল’র পর বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারকে যথেষ্টই উন্মুক্ত বলেই মনে করছে তারা। হুয়াওয়ে ডিভাইসের চিফ মার্কেটিং অফিসার শাও ইয়াং-এর ভাষ্য অনুযায়ী, গত বছরে তারা বিশ্বব্যাপী প্রায় ৩০ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে। সেখান থেকে এই বছরে তাদের বিক্রির লক্ষ্যমাত্রা ৬০ মিলিয়ন।