গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স চিপ নির্মাতা হিসেবে বিশ্বব্যাপী শীর্ষস্থানটি দখল করে রেখেছে এনভিডিয়া। তাদের নিত্যনতুন ডিজাইনের সব গ্রাফিক্স কার্ডের উপর ভর করেই প্রযুক্তি বিশ্ব এগিয়ে যাচ্ছে হাইডেফিনেশন থেকে আল্ট্রা হাই-ডেফিনেশনে। তবে এতদিনে এসে এই শীর্ষস্থানীয় গ্রাফিক চিপ নির্মাতা তাদের ব্যবসার সম্প্রসারণ করতে যাচ্ছে। এখন থেকে তারা গ্রাফিক্স প্রযুক্তির লাইসেন্স বিক্রি করবে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে। এর ফলে অ্যাপল, স্যামসাং, নকিয়াসহ বড় বড় সব স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইস নির্মাতারা এনভিডিয়া’র গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করতে পারবে। ফলে মোবাইল ডিভাইসগুলোর জন্য বিশেষ করে চিপ এনভিডিয়া তৈরি না করলেও ডিভাইস নির্মাতারা এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হবে। এ প্রসঙ্গে এনভিডিয়া’র এক কর্মকর্তা জানিয়েছেন, একটি প্রতিষ্ঠানের পক্ষে সব ধরনের ডিভাইসের জন্য চিপ তৈরি সম্ভব নয়। তাই এই প্রক্রিয়া সহায়তা করতে পারে সকলকেই।
