সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু, ৫৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১৮ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মোট ভোট পড়েছে তিন লাখ আট হাজার ৪৩৫। এর মধ্যে মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন মাত্র তিন হাজার ৭৬ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এছাড়া সাধারণ ওয়ার্ডে ১৩৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫৪ জন ও ১০টি সংরক্ষিত আসনের ৪৫ জন নারী প্রার্থীর মধ্যে ১৮ জন তাদের জামানত হারিয়েছেন।
