সাতক্ষীরায় আটক শিবির কর্মীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

আপডেট : ১৯ জুন ২০১৩, ২২:৪৪
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী গ্রামে আটক এক শিবির কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে জামায়াত-শিবির কর্মীরা। ওই শিবির ক্যাডারকে থানায় নিলে গত মঙ্গলবার রাতে জামায়াত-শিবির কর্মীরা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও পুলিশের গাড়িসহ ট্রাক ভাংচুর করেছে। পরে পুলিশ দুই শিবির ক্যাডারকে আটক করেছে। আটককৃতরা হলো শিবির ক্যাডার তহিদুল ইসলাম ও মিয়ারাজ হোসেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ভদ্রখালী গ্রামের জামায়াত নেতা সিরাজুল ইসলামের ছেলে শিবির কর্মী তহিদুল ইসলামকে (২১) বাড়ি থেকে আটক করে নিয়ে থানায় আনার সময় জামায়াত-শিবির কর্মীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। পরে পুলিশ আসামিকে থানায় নিয়ে আসলে জামায়াত-শিবির কর্মীরা কালিগঞ্জ-শ্যামনগর সড়কের হাজাম পাড়ায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। অবরোধকারীরা এসময় চিংড়ি বহনকারী দুটি ট্রাক ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।