কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকায় গতকাল বুধবার ভোরে পুলিশ ও ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল ভোরে ভোমরিয়া ঘোনা এলাকায় ডাকাতি হওয়ার খবর শুনে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে ডাকাতরা পিছু হটে। আহত এক ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে।
