ব্রাহ্মণবাড়িয়ায় জামাতার বিরুদ্ধে শ্বশুরের লোকজনের বিক্ষোভ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২১:৪৫

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে মনোনয়নের দাবিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তার শ্বশুর জিয়াউল হক মৃধার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন মৃধার কয়েকশ’ কর্মী-সমর্থক। ফলে মহাসড়কের দুই পাশের কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর জিয়াউল হক মৃধা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৃধার পরিবর্তে রেজাউলকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন দেওয়া হচ্ছে এমন খবরে মৃধার সমর্থকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।