ইসলামী ব ই প রি চি তি

আপডেট : ২০ জুন ২০১৩, ১৯:১০
আল-কুরআন ঃ বাংলা অনুবাদ প্রকাশক ঃ আহসান পাবলিকেশন, কাঁটাবন, ঢাকা। অনুবাদক মাওলানা মুহাম্মদ মূসা ছাত্র জীবন থেকেই লেখালেখি করে আসছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম.(অনার্স) এবং এম.কম. ডিগ্রি লাভ করেন। রংপুর কারামাতিয়া আলীয়া মাদ্রাসা থেকে হাদীস, তাফসীর এবং ইসলামের ইতিহাসে (কম্বাইন্ড গ্রুপ) কামিল ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর রচিত ও অনূদীত পুস্তকের সংখ্যা ৫৯। ইসলামী আইনের ওপর তাঁর গবেষণা গ্রন্থ ‘বিধিবদ্ধ ইসলামী আইন’ শিরোনামে বৃহত্ তিন ভলিউমে প্রকাশিত হয়েছে একটি সরকারী সংস্থা থেকে। আল-কুরআন বাংলা অনুবাদ রচনায় তিনি তাঁর জীবনের সমস্ত অভিজ্ঞতা, দক্ষতা ও পান্ডিত্য ঢেলে দিয়েছেন। দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রমে তিনি এ অনুবাদ প্রণয়ন করেছেন। বৈশিষ্ট্য ঃ (এক) অনুবাদে সহজবোধ্য ও সুপ্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে। যাতে পাঠকদের অভিধান ঘাটার প্রয়োজন না হয়। পাঠক বাক্যটি পড়লেই তার বক্তব্য সহজে অনুধাবন করতে পারবেন। (দুই) অনুবাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আরবী ভাষার বাক্যরীতি অনুযায়ী যেভাবে আল-কুরআনের বাক্য বিন্যাস করা হয়েছে, তরজমায় তদ্রূপ বাংলা ভাষার বাক্যরীতি অনুযায়ী বাক্য বিন্যাস করা হয়েছে, কোনো শব্দ, এমনকি কোনো সর্বনামের অর্থ উপেক্ষা না করে। (তিন) প্রতিটি সূরার শুরুতে নবুওয়াতী যুগে তার নাজিল হওয়ার কালপর্যায় অতি সংক্ষেপে বলে দেয়া হয়েছে। (চার) মূল কুরআন শরীফে সূরাসমূহের বিন্যাসের ক্রমিক নম্বরের সাথে তার নাজিল হওয়ার ক্রমিক নম্বরও উল্লেখ করা হয়েছে। (পাঁচ) হাজার হাজার বছর পূর্বের ঐতিহাসিক ঘটনাবলী উল্লেখের কারণ ও তার অন্তর্নিহিত তাত্পর্য ব্যাখ্যা করা হয়েছে। তাতে পাঠকগণ সহজেই বুঝতে পারবেন, আদম, নূহ, ইবরাহীম, মূসা, ঈসা (আ), লোকমান হাকীম, খিজির, আসহাবুল কাহ্ফ ইত্যাকার ঘটনাবলী বর্ণনার উদ্দেশ্য ও লক্ষ্য কি? (ছয়) বহু ক্ষেত্রে আয়াতের নিচে প্রয়োজনীয় টীকা বা ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। তাতে পাঠকগণ আয়াতের তাত্পর্য বা দাবি সহজে অনুধাবন করতে পারবেন। (সাত) পাঠকদের সুবিধার দিকে লক্ষ্য রেখে কুরআনের মূল পাঠ ও তার তরজমা পাশাপাশি দুই কলামে সাজানো হয়েছে। (আট) অনুবাদ নির্ভরযোগ্য করার জন্য উপমহাদেশের মহান আলেমগণের তরজমা, ফাহাদ ফাউন্ডেশন (সৌদী আরব) প্রকাশিত উর্দূ ও ইংরেজী তরজমা এবং আরবী তাফসীরসমূহের সহায়তা গ্রহণ করা হয়েছে। (নয়) তরজমার ভাষা সাবলীল, মার্জিত ও রুচিসম্মত। বাংলা ভাষার সৌন্দর্য ও সৌকর্য রক্ষা করার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আমরা অনুবাদ গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।