আগামী ২০ বছরে প্রযুক্তি বিশ্ব আরও ডিজিটাল হয়ে উঠবে, যাতে থাকবে বিগ ডেটা এবং বিস্তৃত জ্ঞান। এসব বিষয়ের প্রতি লক্ষ রেখেই সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ‘ডিজিটাল সমাজের পরবতী স্রোত’ শীর্ষক এক বক্তৃতায় হুয়াওয়ে’র সিইও এবং ডেপুটি চেয়ারম্যান কেন হু সম্প্রতি অনুষ্ঠিত নিক্কেই গ্লোবাল আইসিটি সামিট ২০১৩-তে এই কথা বলেন। এই বক্তব্যে হু বলেন, আগামী দিনগুলোতে ইন্টারনেটই হবে সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ উপাদান। সব ধরনের ব্যবসা ও উন্নয়নের ক্ষেত্রে তাই ইন্টারনেটকেই মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে বিশ্ববাসীকে। দীর্ঘ এক বক্তৃতায় কেন হু নেটওয়ার্কের গুরুত্ব, আইটি ব্যবস্থা এবং আইসিটি রূপান্তরের জন্য প্রয়োজনীয় যন্ত্রের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। অদূর ভবিষ্যতেই ৫জি প্রযুক্তি যাত্রা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসব নতুন নতুন প্রযুক্তির সাথে কাজ করার জন্য হুয়াওয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলেই জানান হু।
