দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনিশ্চিত

আপডেট : ২০ জুন ২০১৩, ২০:৪৬
কাতারের রাজধানী দোহায় আফগান সরকার বিরোধীদের সাথে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত শান্তি আলোচনার কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। কাতারের রাজধানী দোহায় স্থাপিত তালেবান কার্যালয়ের নামকরণের প্রতিবাদে গতকাল বুধবার বৈঠকটি স্থগিত করা হয়। এরই মধ্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তিনি এই বৈঠকে যোগ দিবেন না। ফলে তালেবান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ হয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুলে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সংক্রান্ত চলমান বৈঠক স্থগিত করেছেন। আফগান প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, আফগানিস্তান বিষয়ে শান্তি আলোচনা নিয়ে মার্কিন সরকারের কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। মুখপাত্র বলেন, ‘কাতারে তালেবানের কার্যালয়ের নাম নিয়ে কারজাই অসন্তুষ্ট। আমরা এর নাম ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’ করার বিরোধিতা করছি। কারণ, এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই। আফগানিস্তানে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত কট্টরপন্থি তালেবান সরকারেরই আনুষ্ঠানিক নাম ছিল ইসলামিক এমিরেট অব আফগানিস্তান। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হামলায় এর পতন হয়। গতকাল বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমরা দেখতে চাই, আফগানরা নিজেরাই চিন্তা করুক তারা কীভাবে সামনে এগিয়ে যাবে এবং সহিংসতার আবর্ত থেকে বেরিয়ে আসবে।