বিনোদন ডেস্ক
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গানের ভিডিও শেয়ার করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গানের কথা লিখেছেন পুনিত শর্মা এবং সংগীত পরিচালনা করেছেন অনুজ গর্গ। আর এই সবটাই অনন্য মাত্রা পেয়েছে অমিতাভ বচ্চনের গলায়। টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগী বার্তাও দিয়েছেন বিগ বি। ‘মা’ গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন তারকারা বিভিন্ন বার্তা শেয়ার করছেন। গানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আগামীকাল মা দিবস। এই উপলক্ষে এটি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুজিত সরকারের সৃষ্টি, অনুজ গর্গের সুর ও তার ছেলের কণ্ঠ। কথা পুনিত শর্মার আর সঙ্গে আমার কণ্ঠ!’ এই গানটি অনেক মায়ের সাদা-কালো ছবি দিয়ে করা হয়েছে। মা তেজি বচ্চনের সঙ্গে ছোটবেলার অমিতাভের ছবিও আছে গানটিতে। প্রথমবার মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা কেমন তাঁর? সুজিত বলেন, ‘যাঁরা তাঁদের মাকে হারিয়েছেন শুধুমাত্র তাঁদের জন্যে নয়। এই ভিডিও সেই সব মানুষের জন্য, যাঁরা এখনো মায়ের ছায়ায় আছেন। গানের কথা হাতে পাওয়ার পর মনে হয়েছিল মিস্টার বচ্চন ছাড়া আর কেউ এই গানটিকে দরদ দিয়ে ফুটিয়ে তুলতে পারবেন না। তাঁকে আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ পাঠিয়েছিলাম। সেইসঙ্গে তাঁর মা প্রয়াত তেজি বচ্চনের সঙ্গে একটি ছবি।’
