টঙ্গীতে এক ব্যবসায়ীকে অপহরণের সাড়ে ৮ মাস পরও উদ্ধার করতে পারেনি টঙ্গী থানা পুলিশ। আসামিরা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাদীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে থানা পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। মামলার বাদী অপহূতের স্ত্রী মোরশেদা বেগম জানান, তার স্বামী টঙ্গীর পূর্ব আরিচপুরের স্টক লটের ব্যবসায়ী ফারুক হোসেন টিটু (৩৫)। স্থানীয় ব্যবসায়ী রফিক ওরফে কলা রফিকের কাছে ব্যবসা বাবদ ১ লাখ ১০ হাজার টাকা পাওনা ছিল। ঐ টাকা দেয়ার কথা বলে ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে টিটু নিখোঁজ।
এ ব্যাপারে রফিকের সাথে টিটুর স্ত্রী মোরশেদা বেগম যোগাযোগ করলে রফিক তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টিটুর স্ত্রী মোরশেদার পক্ষে ৫ লাখ টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় দুইদিন পর টঙ্গী মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দিলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। দীর্ঘ এক মাস পর অবশেষে মামলাটি টঙ্গী থানায় দায়ের করা হয়। পরে অপহরণকারী রফিককে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ। রফিক ছাড়িয়ে নিতে অপর আসামি মামুন থানায় আসলে পুলিশ তাকেও আটক করে। আটকের পর রহস্যজনক কারণে মামুনকে ছেড়ে দেয়া হয়। অপরহরণকারী রফিকের দুইদিনের রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করা হয়। পরে রফিক কোর্ট থেকে জামিনে বের হয়ে এসে মামলার বাদী মোরশেদা বেগমকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা শেখ শাহীন জানান, মামলাটি গভীরভাবে তদন্ত করা হয়েছে। কোন ধরনের আলামত না থাকায় মামলাটি সিআইডির সহযোগিতা নেয়া হচ্ছে। গত মঙ্গলবার টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ততার কারণে এ মামলার পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না।
