কুমিল্লা কারাগার থেকে ২৮ কয়েদির সাজা মওকুফের পর মুক্তি

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৬
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কুমিল্লা কারাগারে বন্দী থাকা ২৮ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। জেল কোডের ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় সরকার তাদের অবশিষ্ট কারাদণ্ড ও অর্থদণ্ড মওকুফ করায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে এ কারাগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হত্যাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত্ সাজা ভোগ করে আসছিলেন। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারসূত্রে জানা যায়, কারা অধিদফতর থেকে এ কারাগারে ৩১ জন সাজাপ্রাপ্ত বন্দীর দণ্ড মওকুফ আদেশের ফ্যাক্সবার্তা পাঠানো হয়। ওই আদেশের আলোকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ২৮ কয়েদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তি দেয়া হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুবোধ রঞ্জন সাহা জানান, কারাদণ্ড ও অর্থদণ্ড মওকুফপ্রাপ্ত ৩১ জনের মধ্যে ২৬ জন হত্যাসহ বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অন্যরা নারী নির্যাতনসহ বিভিন্ন ধারায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ২০ বছরের বেশি সময় সাজা ভোগ করে আসছিলেন।