পরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৩৫

বর্তমান সময়ে হাফ ভাড়ার পাস নিয়ে গণপরিবহনে যাতায়াত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে যত্রতত্র  ভোগান্তির শিকার হতে হয়। যার প্রধান কারণ হলো গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য সুনিদিষ্ট কোনো ভাড়ার ব্যবস্থা নেই। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেমন  ভারত, যুক্তরাষ্ট্রের শিকাগো, অস্ট্রেলিয়ার মেলর্বোন, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে হাফ ভাড়ার জন্য সুনির্দিষ্ট চুক্তি থাকলেও বাংলাদেশে এ ধরনের কোনো আইন বা চুক্তি কোনোটিই নেই। ১৯৬৪ সালে বিআরটিসি তাদের পরিবহনে হাফ ভাড়া চালু করলে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহী হয়ে তাদের পরিবহনে হাফ ভাড়া চালু করে। কিন্তু বর্তমানে সুনির্দিষ্ট চুক্তির অভাবে হাফ ভাড়া নিয়ে দিন দিন তৈরি হচ্ছে বিড়ম্বনা। ফলে গণপরিবহনে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নিগ্রহের শিকার  হতে হচ্ছে। এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধ দিন দিন বেড়েই চলেছে আর শিক্ষার্থীদের পরিবহনে  দেখা যাচ্ছে অবহেলা। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তবে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই এই সমস্যা সমাধান করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় এবং সংশি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জান্নাতুন নাঈম

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়