স্থানীয় এডভোকেসি কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, মগধরা দারুস সালাম স্কুল এবং স্থানীয় জনসাধারণের উদ্যোগে সন্দ্বীপের মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বেড়ি সংলগ্ন দারুস সালাম কমপ্লেক্সে একটি সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।
এ উপলক্ষে সমপ্রতি দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার অসংখ্য নর-নারীসহ স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মগধরা ইউপি মেম্বার মো. শিব্বির আলী, দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মাস্টার রিদওয়ানুল বারী প্রমুখ।
উল্লেখ্য, সন্দ্বীপের মগধরা গুপ্তছড়া বেড়ি সংলগ্ন এ ঘনবসতিপূর্ণ এলাকায় শত শত মানুষ বসবাস করলেও দুর্যোগময় মুহূর্তে আশ্রয়ণের জন্য সেখানে একটিও সাইক্লোন শেল্টার নেই। তাই এ এলাকায় একটি সাইক্লোন শেল্টার নির্মাণে এলাকাবাসীর এটি একটি দীর্ঘদিনের দাবি। এডভোকেসি কার্যক্রমটি বাস্তবায়নে সহায়তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস।
