স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিশ্বকাপ ভাবনায় ছিলেন না তিনি। হঠাত্ করেই এসেছেন, কারণ নিষিদ্ধ ডোপ নেওয়ার দায়ে আপাতত আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না অ্যালেক্স হেলসকে। বিশ্বকাপ দল থেকেও এই ওপেনারের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে, বিশ্বকাপ দলে ভিন্সই খেলবেন, এমন সম্ভাবনা এখন প্রকট।
৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জমকালো এ আসরে নিজের সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া হ্যাম্পশায়ারের এই ইন-ফর্ম ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি।
২৮ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, হেলস এই মুহূর্তে দলে থাকলে হয়তো আমার সুযোগই হতো না। তবে, ওর ব্যাপারে আমার কী অবস্থান সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে, এটা সত্যি যে, তাঁর বাদ পড়াটাই আমাকে সুযোগ করে দিয়েছে। আমাকে একটা সুযোগ করে দিয়েছে।’ এখন বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া ভিন্স। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। লন্ডন ওভালে প্রথম দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। তার সাত দিন আগে মানে, ২৩ মে পর্যন্ত সময়ে দল পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। ভিন্স বললেন, ‘দলে ফিরে আসাটা আমার জন্য অনেক বড় কিছু। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চাই। ইংল্যান্ড বিশ্বের শীর্ষ একটা দল। তাই এখানে সুযোগ পাওয়াটা কঠিন।’
আরেকটা পরিবর্তন হতে পারে ইংলিশ স্কোয়াডে। ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার জোফরা আর্চারের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল!
