নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০২
নেপালে প্রধানত প্রত্যন্ত বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৯জন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রধান লক্ষ্মী প্রসাদ ঢাকাল এএফপিকে বলেন, ‘দেশব্যাপী বন্যা ও ভূমিধসে এপর্যন্ত ৩৯জন প্রাণ হারিয়েছে।’ উল্লেখ্য, এ কেন্দ্র নেপালের প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঢাকাল জানান, দক্ষিণাঞ্চলীয় সমভূমি ও পশ্চিমাঞ্চলীয় দুর্গম পার্বত্যাঞ্চলে বন্যা দেখা দেয়ায় সেখানে এখনো প্রায় ১৮জন নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বন্যা আঘাত হানার পর সরকার দেশের ৭৫টি এলাকার মধ্যে ১৪টিকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে। বন্যায় ১৮০টির বেশি বাড়িঘরও ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার সরকার প্রধান ও সাবেক প্রধান বিচারপতি খিল রাজ রেগমি বন্যাকবলিত দারচুলা এলাকা পরিদর্শন করেছেন। এই এলাকায় বন্যার ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। সরকার প্রত্যেক দুর্গতকে ৪০ হাজার নেপালী রুপির (৪২০মার্কিন ডলার) ত্রাণ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় কম্বল ও ওষুধ পাঠানো হয়েছে।