ভারতে আবার ভবন ধস ১০ জন নিহত

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০৪
ভারতের গুরুত্বপূর্ণ নগরী মুম্বাইয়ের উপকণ্ঠে শুক্রবার একটি তিনতলা ভবন ধসে পড়ায় ১০ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে। যারা মারা গেছে তাদের মধ্যে মাত্র দুই মাস বয়সের একটি কন্যা শিশু রয়েছে। খবর পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতের পর ‘শকুন্তলা’ নামের এ ভবন ধসে পড়ে। এ সময় ওই ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিল। ভবনটি থানে জেলার মামব্রা এলাকার বাজারপাথে অবস্থিত। এটি সেখানে ১৯৭৯ সালে নির্মাণ করা হয়। পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার অভিযান চালায়। ধ্বংসস্তুপের ভিতরে এখনো অনেকে আটক ছিল। পুলিশ জানায়, আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। থানে জেলা কালেক্টর পি ভেলরাসু, পুলিশ কমিশনার কে পি রঘুবংশি ও পৌরসভার ভারপ্রাপ্ত কমিশনার শ্যামসুন্দর পাতিল ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে উদ্ধার কাজে সহায়তার জন্য ফায়ার বিগ্রেডের একটি দল পাঠানো হয়েছে। সেখানে এখন পর্যন্ত ধ্বসংস্তুপের ভিতর থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে থানে এলাকায় এ ভবন ধসের ঘটনা ঘটে। গত এপ্রিল মাসে এ স্থানের কাছেই অ্যাপার্টমেন্টের একটি অংশ ধসে পড়ায় ৭৪ জনের প্রাণহানি ঘটে। মর্মান্তিক ঘটনার সাথে জড়িত থাকায় দুই জন ভবন নির্মাতা ও অপর সাতজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গত সপ্তাহে মুম্বাইয়ের কেন্দ্রস্থলে একটি ছয়তলা অ্যাপার্টমেন্টের আংশিক ধসে পড়ায় ১০ জনের মৃত্যু হয়। ভারতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটছে।